বেঁচে থাকবেন কবিতায়, পাঠকের স্মৃতিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে কবি রফিক আজাদ স্মরণে আয়োজিত নাগরিক শোকসভার শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে কবি রফিক আজাদ স্মরণে আয়োজিত নাগরিক শোকসভার শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

রফিক আজাদ বেঁচে থাকবেন তাঁর অসাধারণ কবিতার মধ্য দিয়ে, থাকবেন তাঁর অগণিত পাঠকের নিবিড় স্মৃতিতে। একটি পরিপূর্ণ জীবন তিনি উদ্‌যাপন করে গেছেন আনন্দে, উল্লাসে, বেদনায়, কবিতায় ও স্বপ্নে। তাঁর কবিতার নিরন্তর পাঠের মধ্য দিয়েই আমরা স্মরণ করতে পারব বাংলা কবিতা, বাংলা সাহিত্য ও আমাদের শিল্পভুবনের একজন অনন্য নক্ষত্রকে।
বাংলা একাডেমিতে আয়োজিত কবি রফিক আজাদের নাগরিক শোকসভায় এমন মন্তব্য করেন সৈয়দ শামসুল হক।
আজ মঙ্গলবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ছিল নাগরিক শোকসভা। যৌথভাবে এর আয়োজন করে বাংলা একাডেমি ও জাতীয় কবিতা পরিষদ। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সভাপতিত্বে রফিক আজাদকে স্মরণ করে বক্তব্য দেন কবি-পত্নী দিলারা হাফিজ, কবির বড় ভাই নূরুল ইসলাম খান, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, কবি আসাদ চৌধুরী, রবিউল হুসাইন, হাবিবুল্লাহ সিরাজী, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, রাজনীতিবিদ ও কবি নূহ-উল-আলম লেনিন, রবীন্দ্র গোপ, প্রকাশক ওসমান গনি, ফরিদ আহমদ, মনিরুল হক প্রমুখ। শোকসভা পরিচালনা করেন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ।

‘প্রতিদান ছাড়া নিঃস্বার্থভাবে, হৃদয় উজাড় করে ভালোবাসতে শিখিয়েছেন। তিনি প্রথমে একজন কবি, তারপর পিতা। তিনি একজন মুক্তিযোদ্ধা প্রথমে, তারপর পিতা। দেশপ্রেম, অন্যায়-অবিচারের বিরুদ্ধে বিদ্রোহ করতে শিখিয়েছেন। সেই পিতা বড় নিঃসঙ্গ করে রেখে গেলেন আমাদের। আমরা চিরজীবন আমাদের স্বর্গতুল্য পিতার আদর্শকে সামনে রেখে পথ চলব। তিনি শুধু আক্ষরিক পিতা নন, আদর্শেরও পিতা।’ পিতা রফিক আজাদের নাগরিক শোকসভায় কথা বলতে গিয়ে বারবারই গলা ধরে আসছিল ছেলে অভিন্ন আজাদের। তার পরও পিতার মতো করেই বলিষ্ঠ কণ্ঠে তিনি বর্ণনা করলেন একজন পিতাকে, একজন কবিকে, একজন মুক্তিযোদ্ধাকে। এ ছাড়া সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা নিজ দৃষ্টিভঙ্গিতে স্মরণ করলেন ষাটের দশকের উজ্জ্বলতম কবি রফিক আজাদকে।
রফিক আজাদের শেষ মুহূর্তের পরিস্থিতি সবার সামনে তুলে ধরে দিলারা হাফিজ বলেন, ‘তিনি কথা রেখেছেন। আমাকে ফাঁকি দেননি, আমার সামনে তিনি চলে গেছেন। আমি সারাটা জীবন তাঁর কাছে থেকে আঁচল দিয়ে ভালোবাসা কুড়িয়েছি, যা শেষ দিন পর্যন্ত ছিল।’ বক্তব্যের শেষে নিজের লেখা ‘বয়স্ক বালক’ কবিতা আবৃত্তি করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রফিক আজাদের শেষ সাড়ে তিন দশকের এ সঙ্গী। শামসুজ্জামান খান আগামী বইমেলার আগে একাডেমি থেকে রফিক আজাদের রচনাসমগ্র প্রকাশ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
রামেন্দু মজুমদার বলেন, ‘রফিক আজাদ বাংলা কবিতার ভুবনে স্থায়ী আসন করে নিয়েছেন। যত দিন বাংলাদেশের কবিতা থাকবে, তত দিন তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’ রবিউল হুসাইন বলেন, ‘বাংলা কবিতাকে তিনি পেশিবহুল করে দাঁড় করিয়েছেন। এই সরল, দৃঢ় ভাষাকে অবলম্বন করেই বাংলা কবিতা এগিয়ে যাবে। সে দিকনির্দেশনা কবি আমাদের দিয়ে গেছেন।’
আসাদ চৌধুরী বলেন, তাঁর কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষ। বৈচিত্র্যপূর্ণ মানুষের জীবন তাঁর কবিতায় স্থান পেয়েছে। মানুষকে ভালোবাসতেন বলেই তিনি মানুষের মুক্তির জন্য একাত্তরে অস্ত্র হাতে যুদ্ধে নেমেছিলেন।
নূহ-উল-আলম লেনিন বলেন, তিনি সারা জীবন দুটি অস্ত্র ব্যবহার করেছেন—মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, তাঁর দ্বিতীয় অস্ত্রটি হচ্ছে ‘শব্দাস্ত্র’। যেটিকে আমরা কবিতা বলছি। সেটাও ছিল শাণিত, অস্ত্রের মতোই।
অনুষ্ঠানে কবি রফিক আজাদের কবিতা ও তাঁকে নিবেদন করা কবিতা আবৃত্তি করেন সাবেক সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, কবি হারিসুল হক, ছড়াকার আলম তালুকদার, কবি মোহাম্মদ সাদিক, কবির ভাতিজি নীরু শামসুন্নাহার, কবি পিয়াস মজিদ প্রমুখ।