বেঁচে থাকলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি করা হতো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘মরে গিয়ে সে বেঁচে গেছে। নতুবা তাকেও আসামি বানাতাম। বঙ্গবন্ধু হত্যার বড় চক্রান্তকারী ছিল জিয়া।’
গতকাল সোমবার গণভবনে আওয়ামী লীগের যৌথ সভার সূচনা বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। এরপর দলের কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও সাংসদদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন শেখ হাসিনা৷
শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুর খুনি মোশতাক৷ জিয়াকে মোশতাক সেনাপ্রধান করেন। মোশতাকের পছন্দ ছিল জিয়া। তাহলে এটা কী দাঁড়ায়? বিষয়টি তো পরিষ্কার।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর মোশতাক ক্ষমতা দখল করেন। বেইমান মোশতাকও বেশি দিন ক্ষমতায় থাকতে পারেননি। এরপর বিচারপতি সায়েম হন রাষ্ট্রপতি। জিয়া অস্ত্র হাতে তাঁকে পদত্যাগ করতে বলে। সায়েম আপত্তি করেছিলেন। কিন্তু অস্ত্রের কাছে তো কিছু নেই। এরপর টেলিভিশনে নিজেই নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে জিয়া। হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের মূল হোতা ছিল জিয়া।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেন, ‘তাদের শাসনামলে হাওয়া ভবনে চাঁদা দিতে হতো। হাওয়া ভবনের পাওয়া না দিয়ে কেউ ব্যবসা করতে পারতেন না। তাও আবার একটা না, তিন ভাগে দিতে হতো। মায়ের একটা, পুত্রের ভাগ একটা। আবার মায়ের প্রিয় ব্যক্তিত্ব ছিল একজন, তারও এক ভাগ। এখন আর হাওয়া ভবনের পাওয়া দিতে হয় না। সবাই স্বাধীনভাবে ব্যবসা করছে।’
গণমাধ্যমের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারই গণমাধ্যমের প্রসারে সহায়তা করেছে৷ এর পরও তাঁর সরকারের বিরুদ্ধেই লেগে আছে। তাঁর ভাষায়, ‘কথায় আছে না, উপকারেরে বাঘে খায়। অথচ এখনো তারেক জিয়ার বিরুদ্ধে কিছু বলার সাহস পায় না। সবাই ভয় পায়। আবার সে কখন এসে মারে।’
প্রধানমন্ত্রী বলেন, অনেক চিন্তাবিদ তাঁদের চিন্তার খোরাক খুঁজে পাচ্ছেন না। উল্টো কথা বলে যাচ্ছেন। এই সরকার যে প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপরে নিয়ে গেছে, সেটা তাঁরা স্বীকার করতে রাজি নন৷ কারণ, তাঁদের চিন্তার সঙ্গে এটা মেলে না৷
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের কারও কারও প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁরা তো কেয়ারটেকারের কেয়ারে ছিলেন। তখন তাঁদের গুরুত্ব ছিল। এখন তাঁদের গুরুত্ব নেই। এখন জনগণের গুরুত্ব বেড়েছে। এটা তাঁদের ভালো লাগে না। মানুষ ভালো থাকলে ওনাদের অন্তর্জ্বালা হয়। অগণতান্ত্রিক ও আর্মি সরকার এলেই তাঁদের স্যুট-কোট রেডি, কদর বাড়ে। ভালো কথা বলতে তাঁদের কার্পণ্য। নেতিবাচক কথা বলে মানুষকে তাঁরা বিভ্রান্ত করেন।’
৫ জানুয়ারি নির্বাচন নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেন নির্বাচন হলো—এটা নিয়েও সমালোচনা। প্রার্থী না থাকলে নির্বাচন হবে কীভাবে? বিএনপি নির্বাচন করেনি, কারণ জামায়াত করতে পারবে না। এ জন্য দুঃখিত হয়ে খালেদা জিয়া এলেন না। এটা তো তাদের রাজনৈতিক সিদ্ধান্ত।
ড. কামাল হোসেনকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ‘কোনো এক নেতা আছেন, আমাদের দলেই ছিলেন। যিনি বিনা প্রতিবন্ধকতায় নির্বাচনের বিরুদ্ধে সোচ্চার। ওকালতি করছেন। অথচ তিনি বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া আসনে ১৯৭০ ও ’৭৩ সালের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে এসেছিলেন। কোর্টে দাঁড়ালে এ তথ্য দেওয়া উচিত।’ এ সময় প্রধানমন্ত্রী সঠিক বলেছেন কি না, তা যাচাই করার জন্য দলের নেতাদের জিজ্ঞেস করেন। অনেকেই তখন সায় দেন যে তথ্য সঠিক। তিনি আরও খোঁজখবর নেওয়ার পরামর্শ দেন নেতাদের। সাংবাদিকদেরও অনুসন্ধানের অনুরোধ জানান।
দলের সাংসদদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘সরকার উন্নয়ন করছে এটা মানুষের কাছে বলতে হবে। গণমাধ্যমের ভালো কথা লেখার সময় নাই। মানসিকতাও নাই। অন্যরা যেহেতু বলবে না, নিজেদেরটা নিজেরাই বলতে হবে।’ নানা বাধা-বিপত্তির পরও সরকার নিজের টাকায় পদ্মা সেতুর কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, ‘অনেক ষড়যন্ত্র ছিল। সরকারকে হেয় করতে, আমার পরিবারকে হেয় করার চক্রান্ত ছিল। দেশকে অসম্মান করার চেষ্টা ছিল। তারা ব্যর্থ হয়েছে। আমরা সফল হয়েছি।’
যৌথ সভায় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী, আবুল মাল আবদুল মুহিত, তোফায়েল আহমেদ, সৈয়দ আশরাফুল ইসলাম, মতিয়া চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত, আবদুল লতিফ সিদ্দিকী, শেখ ফজলুল করিম সেলিম প্রমুখ।
বৈঠক সূত্র জানিয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রী দলের সাংসদদের উদ্দেশে বলেন, অাগামী নির্বাচনের জন্য এখনই প্রস্তুতি নিতে হবে৷ জনগণের সঙ্গে দূরত্ব সৃষ্টি করা যাবে না৷ তৃণমূলের সবার সঙ্গে সদ্ভাব বজায় রাখতে হবে৷ দলে নিজস্ব বলয় সৃষ্টি না করার কথাও বলেন তিনি৷