বেঁচে থাকা বিধবারা স্বীকৃতি চান
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দির ‘সোহাগপুর গণহত্যা দিবস’ আজ ২৫ জুলাই। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী সোহাগপুর গ্রামের বেনুপাড়ায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। দিনটি স্মরণে গ্রামে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে গণহত্যার শিকার পুরুষদের পরিবারগুলো তাদের মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে স্বীকৃতি দিতে সরকারের কাছে আবেদন জানিয়েছে।
সোহাগপুর গণহত্যায় স্বামী, সন্তান হারানো লাকজান বিবি (৭৫) বলেন, ‘আমরা আর বেশি দিন বাঁচতাম না। সরকার যদি আমগর পরিবারগরে মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিত, তাইলে পোলাপানরা এট্টু ভালোভাবে বাঁচত। আমরা এট্টু শান্তি লইয়া মরবার পারতাম।’ স্থানীয় শহীদ পরিবার কল্যাণ সমিতির সভাপতি জালাল উদ্দিন বলেন, ‘গণহত্যায় বাবা-ভাইসহ পরিবারে সাতজনকে হারিয়েছি। যাতে মুক্তিযুদ্ধে যেতে না পারেন তাই তাঁদের হত্যা করা হয়েছিল। এসব মানুষের পরিবার মুক্তিযোদ্ধা পরিবারের স্বীকৃতি পেতেই পারে।’
জানা যায়, ১৯৭১ সালের ২৫ জুলাই চারদিক থেকে ঘিরে বেনুপাড়ায় টানা ছয় ঘণ্টা হত্যাযজ্ঞ চালায় হানাদাররা। এ সময় মোট ১৮৭ জন পুরুষকে গুলি করে হত্যা করা হয়। পাড়ার ৫৭ নারী বিধবা হন। তার মধ্যে ৩৩ জন এখনো বেঁচে আছেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. সাবুদ্দিন বলেন, ‘গণহত্যার শিকার পুরুষরা সরাসরি মুক্তিযুদ্ধে জড়িত ছিলেন না। ফলে পরিবারগুলোকে মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে কি না, তা সরকারই বিবেচনা করবে।’
সোহাগপুর গণহত্যার অপরাধে গত বছর জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।