বেঁচে থাকার জন্য শ্রমিকের ৮০০০ টাকা মজুরি দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবি জানিয়ে এই শিল্পের সঙ্গে জড়িত শ্রমিক, শ্রমিকনেতা, অর্থনীতিবিদ ও রাজনৈতিক নেতারা বললেন, শ্রমিকদের বেঁচে থাকা, শিল্পকে বিকশিত করা এবং জাতীয় উন্নয়নের প্রয়োজনে এই মজুরি দরকার।
গতকাল বুধবার সকালে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা।
মালিক, মজুরি বোর্ড ন্যূনতম মজুরির যৌক্তিকতা নিয়ে যেভাবে প্রশ্ন তোলে, তার জবাবে নানা তথ্য-উপাত্ত তুলে ধরে ব্যাখ্যা করা হয় গোলটেবিলের আলোচনায় মূল প্রবন্ধে। মূল বক্তব্য পড়েন কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদার। বলেন, পুষ্টিবিজ্ঞানের হিসাবে সাধারণ মানুষের ২৩০০ কিলো ক্যালোরি খাদ্যের প্রয়োজনীয়তা স্বীকৃত। পোশাকশিল্পের শ্রমিকসহ কায়িক শ্রম যাঁরা করেন, তাঁদের দরকার তিন হাজার কিলো ক্যালোরি।
চারজনের একটি পরিবারের খরচ কত? এর হিসাব দেওয়া হয় প্রবন্ধে। খাওয়া বাবদ ১০ হাজার ৪২০, বাসা ভাড়া সাড়ে তিন হাজার, দুজন কর্মজীবীর যাতায়াত, চারজনের চিকিৎসা, পোশাক ও অন্যান্য খরচ এক হাজার। সাকল্যে ১৬ হাজার ৯৪০। কিন্তু বাংলাদেশে একজন পোশাকশ্রমিকের গড় মজুরি ঘণ্টায় ২৪ সেন্ট। পাকিস্তানে এর দ্বিগুণ ৫২ সেন্ট, কম্বোডিয়ায় ৪৫ সেন্ট।
মজুরি বাড়িয়ে আট হাজার টাকা করলে মোটেও শ্রমিকের মজুরি বাড়ানো হবে না। কেবল বাজারদরের সঙ্গে সংগতি রেখে এই মজুরি দিতে হবে—এই দাবি করে অর্থনীতিবিদ আনু মুহাম্মদ তাঁর নিজের একটি গবেষণা থেকে তথ্য উল্লেখ করে বলেন, ‘দারিদ্র্যসীমার আয় এ দেশে ১৮ হাজার টাকা। তাই আট হাজার টাকা যে দাবি করা হয়েছে, তাতে পোশাকশিল্পের মালিকদের সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাওয়া উচিত।’ তিনি দাবি করেন, ৯৯ শতাংশ পোশাকশ্রমিক রক্তস্বল্পতায় ভুগছেন। তাঁদের এই অসুস্থতা প্রজন্মান্তরে বয়ে বেড়াতে হয়। এভাবে একজন শ্রমিক শুধু ব্যক্তিগতভাবে নন, জাতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী সংশোধিত শ্রম আইনের সমালোচনা করে বলেন, আইনটি করতে সরকার মালিকের কথাই শুনেছে। শ্রমিকদের খাঁচায় বন্দী করার ব্যবস্থা করা হয়েছে এই আইনে।
আলোচনায় সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাসদের নেতা বজলুর রশীদ ফিরোজ ও গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আকতার।