সুস্থ জীবনের জন্য সুস্থ মাটি শীর্ষক সেমিনারে কৃষিমন্ত্রী
বেঁচে থাকার প্রয়োজনেই মাটিকে রক্ষা করতে হবে

কৃষি খাতকে উপেক্ষা এবং অব্যবস্থাপনার জন্য বিএনপিকে দায়ী করে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, গজদন্ত মিনারে বসে যাঁরা জনগণকে সবক দেন, তাঁরা মাটি ও মানুষের কোনো কাজে লাগবেন না। তিনি বলেন, বেঁচে থাকার প্রয়োজনেই মাটিকে রক্ষা করতে হবে।
গতকাল রোববার রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে ‘সুস্থ জীবনের জন্য সুস্থ মাটি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী মাটি রক্ষায় ভূগর্ভস্থ পানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যে জমিতে বোরো ধান হবে না, সেখানে জোর করে বোরো আবাদের চেষ্টা করা হয়েছে। এভাবে মাটির ক্ষতি করা হচ্ছে। মাটিকে রক্ষা করতে হলে ভূগর্ভস্থ পানি রক্ষা করতে হবে। তিনি কৃষি গবেষণা কাউন্সিলের বিজ্ঞানীদের কিছুটা সমালোচনা করে বলেন, ‘বিগত বিএনপি সরকারের সময় উত্তরবঙ্গে সেচের প্রকল্প নেওয়া হলো, এর আগে ইউক্যালিপটাসগাছ লাগানো হলো, আপনারা (কৃষিবিজ্ঞানীরা) কিছু বললেন না। ৩২ হাজার লিটার পানি খরচ করে তিন কেজি চাল উৎপাদন করা বিলাসিতা ছাড়া কিছু না। এ বিষয়ে সঠিক কথা বলার দায়িত্ব ছিল কৃষিবিজ্ঞানীদের। কিন্তু তাঁরা কিছু বলেননি।’
কৃষিমন্ত্রী বলেন, ‘দেশের উত্তরাঞ্চল কৃষিবান্ধব নয়। কৃষিকে দক্ষিণাঞ্চলে নেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি আউশ ধানের ওপর জোর দিচ্ছি।’ তিনি বেঁচে থাকার প্রয়োজনেই মাটিকে রক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
সেমিনারে মূল প্রবন্ধে ইমেরিটাস অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, মাটিকে সুস্থ রাখলে মাটি ফসল দেবে। এ জন্য মাটির সুষম ব্যবস্থাপনা থাকতে হবে। মাটি সুস্থ থাকলে উৎপাদন বাড়বে। মাটির সর্বোচ্চ সুস্থতার অর্থ হলো সর্বোচ্চ পরিমাণ ফসল উৎপাদনের নিশ্চয়তা। মাটিকে অপব্যবহার করলে মাটি কিছু দেবে না।
সেমিনারে অন্য বক্তারা বলেন, দেশে মাটির স্বাস্থ্য নষ্ট করা হচ্ছে। আবার কোথাও কোথাও উর্বর মাটি অতি ব্যবহার করায় অর্থাৎ বছরে তিন-চারবার ফসল উৎপাদন করায় মাটির ক্ষতি হচ্ছে। এ কারণে মাটির স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে।
কৃষিসচিব শ্যামল কান্তি ঘোষের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম আজাদ, এফএওর বাংলাদেশ প্রতিনিধি মাইক রবসন, জালাল মো. শোয়েব, নাজমুল হাসান, এ জেড এম শিরাজুল করিম, এস এম ইমামুল হক।