বেঁচে থাকার সংকটে এক সাংবাদিক মুক্তিযোদ্ধা
এক কক্ষের বাড়ি, পলেস্তারা খসে পড়ছে। এর ভেতরে হিসাব উদ্দিন পড়ে আছেন বিছানায়। বয়স ৭৬ বছর। সরকারি দুই হাজার টাকা ভাতা ছাড়া আর কোনো রোজগার নেই। শহীদ পরিবার হিসেবে পেয়েছিলেন বাড়িটা। সরকারি আদেশ থাকার পরেও স্থানীয় প্রশাসন বাড়ি হস্তান্তর করেনি। ভাড়া দিতে হচ্ছে। বকেয়া পড়েছে ৫০ হাজার টাকা। ওষুধ কেনার পয়সা নেই। চার সদস্যের পরিবার নিয়ে তাঁর এখন বেঁচে থাকাই দায় হয়ে পড়েছে। হিসাব উদ্দিন আহমেদের প্রকৃত নাম হিশাম উদ্দিন আহমেদ। মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটে তাঁর নাম ভুলবশত হিসাব উদ্দিন ছাপা হয়। সংশোধন করতে ঝামেলা হবে বলে কর্তৃপক্ষ তাঁকে ওই নামেই চলতে বলেন। সেই থেকে তিনি ‘হিসাব’ উদ্দিন। মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশ সরকারের মুখপত্র জয়বাংলা ও স্বাধীন বাংলার নিজস্ব প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানি সেনাদের গতিবিধি অনুসন্ধানের কাজ করেন। এ কাজ করতে গিয়ে তিনি দুবার শত্রু বাহিনীর হাতে ধরা পড়ে নির্যাতনের শিকার হন।স্বাধীনতার পর তিনি দৈনিক ইত্তেফাক-এর রাজশাহী বিভাগীয় প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরে ইত্তেফাক রাজশাহী অফিস গুটিয়ে নিলে তিনি চাকরি ছেড়ে দেন। ১৯৮২ সালে বাংলার বাণীতে যোগদান করেন। পরে তিনি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ পত্রিকায়ও কাজ করেন। বয়স বেড়ে যাওয়ায় ২০০০ সাল থেকে তিনি আর সাংবাদিকতা করতে পারেননি। হিসাব উদ্দিন জানান, দুই হাজার টাকা মুক্তিযোদ্ধা ভাতা ছাড়া তাঁর আর কোনো রোজগার নেই। দুবার স্ট্রোক করেছে। তাতে সাংবাদিক কল্যাণ তহবিল থেকে পাওয়া ৬০ হাজার টাকা খরচ হয়ে গেছে। আবার হূদপিণ্ডে চারটা ব্লক ধরা পড়েছে। এখন আর ওষুধ কেনার পয়সা নেই। এই বাড়ি ছেড়ে যাওয়ার আর কোনো জায়গাও নেই। তিন সন্তান পৃথক থাকেন। তাঁদেরও ঠিকমতো চলে না। তিন মেয়ের বিয়ে দিয়েছিলেন। তাঁদের একজন এক সন্তান নিয়ে এখন তাঁর সংসারে থাকেন।বাড়ির ব্যাপারে রাজশাহী গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী তানজিলা শারমিন জানান, বকেয়া পরিশোধ করা হলেই তাঁরা বাড়িটি বরাদ্দ দিতে পারেন। হিসাব উদ্দিন ভাড়ার হার কমানোর জন্য আবেদন করেছেন। তিনি জানান, তাঁদের কাছে ভাড়ার হার কমানোর সরকারি কোনো নির্দেশনা নেই।