বেঁচে যাওয়া যাত্রীদের সাক্ষ্য শুরু
মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া লঞ্চের বেঁচে যাওয়া যাত্রীদের সাক্ষ্য নেওয়া শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাওয়া ঘাটে নৌপরিবহন মন্ত্রণালয়ের সাত সদস্যের তদন্ত কমিটি সাক্ষ্য নেওয়া শুরু করেছে।
পরে কমিটি কাওড়াকান্দি ঘাটে ও শিবচরের কাঁঠালবাড়িতে সাক্ষ্য নেবে। তদন্ত দলের প্রধান নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নূর উর রহমান সাক্ষ্য নিচ্ছেন।
আরও একজনের লাশ উদ্ধার
শিবচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন জানান, বরিশালের মেহেন্দীগঞ্জ থেকে লঞ্চডুবিতে নিহত আরও একজন যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সরকারি হিসাবে মোট ৪৭টি লাশ উদ্ধার করা হলো। লঞ্চডুবিতে নিখোঁজ রয়েছে ৬০ জন।
গতকাল সোমবার লঞ্চ উদ্ধারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পিনাক-৬ ডুবে যাওয়ার আট দিন পর উদ্ধার অভিযান বন্ধ করা হলো।
এত যাত্রী নিখোঁজ থাকা অবস্থায় উদ্ধারের কার্যক্রম স্থগিত করায় ক্ষুব্ধ স্বজনেরা।
৪ আগস্ট মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে মাওয়ায় আসার পথে বেলা ১১টার দিকে ডুবে যায় পিনাক-৬।
গতকাল বেলা ১১টায় লঞ্চ উদ্ধারকার্যক্রম স্থগিত ঘোষণা করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান। সংবাদ সম্মেলনে নৌমন্ত্রীর থাকার কথা শোনা গেলেও তিনি আসেননি। তবে নৌমন্ত্রীর সঙ্গে কথা বলেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
পরে নৌমন্ত্রী প্রথম আলোকে বলেন, তীব্র স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবুরিরা নামতে না পারায় লঞ্চটির উদ্ধারকাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আধুনিক সব জাহাজ আর প্রযুক্তি দিয়ে দেশে এযাবত্ সবচেয়ে বড় অভিযান চলেছে পিনাক-৬ উদ্ধারে। তবে আট দিনে উদ্ধার তো দূরের কথা, লঞ্চটির অবস্থানও শনাক্ত করা যায়নি।