বেঁচে যাওয়া সাতজনকে দুই দিন ধরে জিজ্ঞাসাবাদ
গুলশানের জিম্মিদশা থেকে মুক্তি পাওয়া ১৩ জনের মধ্যে ৭ জনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল রোববার সন্ধ্যায় একজনকে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে। চারজন হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে ইতালির এক নাগরিককে সে দেশের দূতাবাস বুঝে নিয়েছে।
গত শনিবার সকালে যৌথ অভিযান চালিয়ে গুলশান-২-এর হলি আর্টিজান রেস্তোরাঁ থেকে নারী, শিশুসহ ১৩ জনকে উদ্ধার করে। তাঁদের মধ্যে আছেন বারিধারার বাসিন্দা তাহমিদ হাসিব খান, বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও উত্তরার ৪ নম্বর সেক্টরের বাসিন্দা ফায়রুজ মালিহা (২১), গুলশান ২ নম্বরের ২৯ নম্বর সড়কের বাসিন্দা তাহানা তাসনিয়া (২১), গুলশান ২ নম্বরের ৬৮ নম্বর সড়কের বাসিন্দা হাসনাত আর করিম (৪৮) ও তাঁর স্ত্রী শারমিন কবির (৩৬), তাঁদের দুই সন্তান রায়েন করিম (৮) ও সাফা করিম (১১) এবং বারিধারার বাসিন্দা চিকিৎসক সত্যপ্রকাশ পাল। এই সাতজন গতকাল রাত পর্যন্ত ডিবি কার্যালয়ে ছিলেন বলে ডিবি সূত্রে জানা গেছে। যে চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে, তাঁদের পরিচয় জানা যায়নি। গতকাল সন্ধ্যায় ডিবি কার্যালয় থেকে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
উদ্ধার ব্যক্তিদের ডিবি কার্যালয়ে থাকা একজনের এক স্বজন গতকাল বিকেলে ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, জঙ্গিদের কাছে জিম্মি থেকে এমনিতেই সবাই ট্রমায় আক্রান্ত। ডিবি কার্যালয়ে আটক থাকায় এখন তাঁরা আরেক ট্রমায় আছেন। জিম্মিদশা থেকে উদ্ধারের পর শুরুতে এসব ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা ও শুশ্রূষার রেওয়াজ। তিনি বলেন, কম বয়সীদের দ্রুত পরিবারের কাছে দিয়ে দেওয়া উচিত।
ডিবির উপকমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম প্রথম আলোকে বলেন, উদ্ধার ব্যক্তিদের মধ্য থেকে জঙ্গি হামলার ঘটনায় করা মামলায় সাক্ষী করা হবে। এ কারণে তাঁদের কাছ থেকে ঘটনা সম্পর্কে বিবরণ শোনা হচ্ছে।
ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. মাহিদুজ্জামান শনিবার রাতে প্রথম আলোকে বলেছিলেন, উদ্ধার হওয়া আটজনই ঘটনার প্রত্যক্ষদর্শী। ঘটনা সম্পর্কে শোনার পর শনিবার রাতেই তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।