বেঁচে যাওয়ার বর্ণনা দিলেন মেজর মনিরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের ঘটনায় ১৩ রাইফেলের সদস্যদের বিরুদ্ধে করা মামলায় গতকাল বৃহস্পতিবার আরও তিনজন সাক্ষ্য দিয়েছেন। তাঁদের একজন মেজর সৈয়দ মনিরুল আলম সে সময় নিজের বেঁচে যাওয়ার বর্ণনা দেন।পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৮-এ ১৩ রাইফেল ব্যাটালিয়নের ৬২১ জন সদস্যের বিরুদ্ধে এ মামলার বিচারকাজ চলছে। গতকাল আদালতে সভাপতিত্ব করেন বিজিবির উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ খান।সাক্ষ্য দেন মেজর সৈয়দ মনিরুল আলম, মেজর মোকাররম আহম্মেদ ও মেজর কামরুল হাসান। এ নিয়ে এ মামলায় নয়জন সাক্ষী ৯৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিলেন। পরে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত আদালত মুলতবি করা হয়।সাক্ষ্যে মেজর মনিরুল আলম বলেন, ঘটনার দিন গোলাগুলি শুরু হলে তিনি দরবার হলে সৈনিকদের বাথরুমে গিয়ে ঢোকেন। নিরাপদ আশ্রয়ের খোঁজে একই জায়গায় আসেন মেজর মকসুদ। কিছুক্ষণ পর বিদ্রোহীরা খুঁজতে খুঁজতে বাথরুমে চলে আসে। তারা প্রথমেই মেজর মকসুদকে গুলি করে হত্যা করে। তিনি পরে মকসুদের রক্ত নিজের শরীরে মেখে মৃত সেজে নালায় পড়ে থাকেন। একপর্যায়ে প্রাণ বাঁচাতে দরবার হলের সিলিংয়ের ওপর লুকিয়ে পড়েন।মেজর মোকাররম সাক্ষ্যে বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে ছায়ানীড় টেনিস গ্রাউন্ডের পাশের কক্ষ থেকে বিদ্রোহীরা তাঁকে ধরে নিয়ে যায়। পরে কোয়ার্টার গার্ডে আটকে রেখে অমানুষিক নির্যাতন চালায়।মেজর কামরুল ছবি দেখে ৩৩ জন বিদ্রোহীকে শনাক্ত করেন।আদালতে প্রসিকিউটর ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জায়েদ হোসেন।