বেঁধে দেওয়া সময়েই বড়গাঙের বাঁধ অপসারণ
পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট দপ্তরের নোটিশে বেঁধে দেওয়া সময়ের মধ্যেই সিলেটের জৈন্তাপুরের বড়গাঙের বাঁধ পুরোপুরি অপসারণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে বাঁধ অপসারণ করা হয়। সিলেটের প্রধান সীমান্ত নদী সারীর অন্যতম শাখা বড়গাঙের মুখে বালুমহাল হওয়ায় বালু ব্যবসায়ীরা ট্রাক পরিবহনের জন্য বাঁধ নির্মাণ করছিলেন। গত শনিবার প্রথম আলোয় এ-সংক্রান্ত সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। রোববার পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী নোটিশ জারি করে ২৪ ঘণ্টার মধ্যে বাঁধ অপসারণ করতে জৈন্তাপুরের ইউএনওকে নির্দেশ দেন। পাশাপাশি বড়গাঙে বাঁধ নির্মাণকারী বালু ব্যবসায়ী ও বালুমহালের ইজারাদারদের ১৫ মার্চ পরিবেশ অধিদপ্তরের ঢাকায় সদর দপ্তরে তলব করা হয়।জৈন্তাপুর উপজেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল দুপুরে ইউএনও মুহাম্মদ রাশেদুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি পরিদর্শক দল বড়গাঙের বাঁধ এলাকা পরিদর্শন করে। সেখানে বালু ব্যবসায়ী কাউকে না পেয়ে স্থানীয় লোকজনকে দিয়ে বাঁধ অপসারণ করা হয়।