গত বছরের ৬ ডিসেম্বর উচ্চ আদালত ৯০ দিনের মধ্যে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচন করার আদেশ দিয়েছিলেন। কিন্তু উচ্চ আদালতের এই আদেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করা যাচ্ছে না। গতকাল রোববার সচিবালয়ে পিআইডির সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক সচিব উজ্জ্বল বিকাশ দত্ত এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পর্যাপ্ত সময় নিতে হচ্ছে। সে কারণে উচ্চ আদালতের বেঁধে দেওয়া নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে যাবে। তবে এ ক্ষেত্রে আইনগত ঝামেলায় যাতে না পড়তে হয় সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তাঁরা নেবেন।মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন বিষয়ে সর্বশেষ অগ্রগতি জানাতেই গতকাল সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। কিন্তু নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ এমনকি সম্ভাব্য তারিখও জানাননি সংশ্লিষ্ট ব্যক্তিরা। গতকাল সকালে প্রথমে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন বিষয়ে গঠিত কমিশনের বৈঠক হয়। বৈঠক শেষে দুপুরে কমিশনের মুখপাত্র এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী সংবাদ ব্রিফিং করেন।এক প্রশ্নের উত্তরে বেসামরিক বিমান পরিবহন সচিব জানান, মুক্তিযোদ্ধা সংসদের পরবর্তী নির্বাচনে কোনো অবস্থাতেই রাজনৈতিক দলের নাম ব্যবহার করা যাবে না। কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি ব্যবহার করে পোস্টার ছাপানোও যাবে না। সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ১৪ মার্চ প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে সরবরাহ করবে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। মুক্তিযোদ্ধা হিসেবে ইতিমধ্যে যাঁরা গেজেটভুক্ত আছেন এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মুক্তিবার্তায় যাঁদের নাম চূড়ান্তভাবে প্রকাশ করা হয়েছিল, তাঁরাই পরবর্তী নির্বাচনে ভোট দিতে পারবেন।এদিকে নির্বাচন অনুষ্ঠানের জন্য এর আগে জেলা ও উপজেলা পর্যায়ে যে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে।