বেআইনি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ
পুরোনো ইটভাটা ভেঙে আধুনিক পদ্ধতিতে ইটভাটা করার জন্য আইন হলেও দেশের বেশির ভাগ ইটভাটা এখনো সনাতন পদ্ধতিতে চলছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি এসব ইটভাটার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।
আজ রোববার সংসদ ভবনে পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি হাছান মাহমুদ সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে বলেন, দেশের প্রায় ১০ হাজার ইটভাটার মধ্যে ৬০ ভাগই আধুনিক নয়। আইনগতভাবে এসব ইটভাটা বেআইনি। তাই সংসদীয় কমিটি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছে। মন্ত্রণালয়কে প্রতিটি জেলা প্রশাসনে চিঠি দিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সুপারিশ করা হয়েছে। বৈঠকে প্রতিটি জেলায় পরিবেশ আদালত স্থাপনের সুপারিশ করা হয়।
হাছান মাহমুদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম, আবদুর রহমান, নবী নেওয়াজ, ইয়াহইয়া চৌধুরী, টিপু সুলতান ও মেরিনা রহমান অংশ নেন।