বেআইনি বাসভাড়ার কাছে জিম্মি যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিঝিল-গুলিস্তান থেকে মিরপুরের বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলোতে দূরত্বের তুলনায় বেশি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। ছবি: ইমরান আহম্মেদ
মতিঝিল-গুলিস্তান থেকে মিরপুরের বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলোতে দূরত্বের তুলনায় বেশি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। ছবি: ইমরান আহম্মেদ

রাজধানীর পল্টন থেকে তালতলা যাবেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আবদুর রহমান। উঠলেন ‘ইটিসি ট্রান্সপোর্ট’ পরিবহনের বাসে। পল্টন থেকে তালতলার দূরত্ব সাড়ে ছয় কিলোমিটার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাবে, ওই দূরত্বে ভাড়া ১২ টাকা। কিন্তু বাস কন্ডাক্টরের দাবি, ভাড়া ২০ টাকা।
স্বভাবতই আবদুর রহমান জানতে চাইলেন, বাড়তি ভাড়া তিনি কেন দেবেন? এর ব্যাখ্যায় জানানো হয়, সুপারভাইজার খেজুর বাগান এলাকায় ওয়েবিল (যে কাগজে যাত্রী সংখ্যার উল্লেখ থাকে) সই করার পর যাত্রী যেখানেই নামুন না কেন, ২০ টাকা ভাড়া গুনতে হবে। যাত্রী বাড়তি ভাড়া গুনতে নারাজ, আর কন্ডাক্টরও ছাড়বেন না। এ নিয়ে তর্কাতর্কি মারামারিতে গড়াবার জোগাড়। কিন্তু শেষ পর্যন্ত হার মানতে হলো যাত্রীকে, নির্ধারিত ভাড়ার চেয়ে আট টাকা বেশি অর্থাৎ ২০ টাকাই দিতে হলো।
আবদুর রহমানের মতো রাজধানীতে গণপরিবহনে যাতায়াতকারীরা প্রতিদিনই জিম্মি হয়ে বাড়তি ভাড়া গুনতে বাধ্য হন। ওয়েবিলের নামে মতিঝিল ও গুলিস্তান থেকে মিরপুর রুটে চলাচলকারী বাসগুলোতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। বিআরটিএ নির্ধারিত ভাড়া না নিয়ে বাস কোম্পানিগুলো অতিরিক্ত ভাড়া নিচ্ছে।
এসব রুটে চলাচলকারী বেশ কিছুসংখ্যক যাত্রীর অভিযোগ তানজিল পরিবহন, মিরপুর ইউনাইটেড, দিশারি, শিকড় পরিবহন, ইটিসি, বিহঙ্গ পরিবহন, নিউ ভিশন, বিকল্প পরিবহন, হাজি পরিবহন, মিরপুর মিশন ইত্যাদি বাস কোম্পানিগুলো দূরত্ব অনুযায়ী নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করে।
মিরপুরের বাসা থেকে ইস্কাটনে অফিসে আসেন হাসানুর রহমান। তাঁর অভিযোগ, আসা-যাওয়ার পথে প্রতিদিন তাঁকে ১৬ টাকা অতিরিক্ত দিতে হচ্ছে। এ হিসেবে মাসে ২২ দিন অফিস করলে তাঁকে ৩৫২ টাকা অতিরিক্ত গুনতে হয়। অন্যায় জেনেও না দিয়ে উপায় নেই বলে নিজের অসহায়ত্ব প্রকাশ করলেন তিনি।
সোনারগাঁও হোটেলের সামনে দায়িত্বপালন করছেন নিউ ভিশন পরিবহনের সুপারভাইজার মো. রিপন। তাঁদের গাড়ির ভাড়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, মতিঝিল থেকে বাসটি চিড়িয়াখানা পর্যন্ত যায়। মতিঝিল থেকে ফার্মগেট যেখানেই নামেন, ভাড়া ১০ টাকা। এরপর খামারবাড়ি এলাকায় ওয়েবিল সই হয়। এরপর যেখানেই নামবেন ভাড়া ২৩ টাকা। আবার ফেরার পথেও ফার্মগেট পর্যন্ত ১৩ টাকা। এরপর সোনারগাঁওয়ের সামনে ওয়েবিল সই হবে। এরপর যেখানেই নামবেন ২৩ টাকা। অর্থাৎ কেউ যদি কারওয়ানবাজার না নেমে বাংলামোটর নামেন, তবে তাঁকে ১০ টাকা বেশি দিতে হবে। রিপন জানান, এ রুটে সর্বনিম্ন ভাড়া আট থেকে ১০ টাকা। অথচ বিআরটিএর ভাড়ার তালিকা অনুযায়ী, সর্বনিম্ন ভাড়া সাত টাকা।
বিভিন্ন রুটের বাসের অন্তত পাঁচজন কন্ডাক্টর প্রথম আলোকে বলেছেন, তাঁদের নিয়োগকারী প্রতিষ্ঠান যেভাবে ভাড়া নিতে বলছে, তাঁরা সেভাবেই নিচ্ছেন। এসব কিলোমিটারের হিসেব তাঁরা বোঝেন না।
অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ বিষয়ে জানতে চাইলে মতিঝিল থেকে চিড়িয়াখানা রুটে চলাচলকারী মিরপুর মিশন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জুয়েল দাবি করেন, ভাড়ার বিষয়টি দেখা বিআরটিএর দায়িত্ব। বিষয়টি কোনো সাংবাদিকের দেখার ব্যাপার নয়। আর তিনি বেশি ভাড়া নেওয়ার ব্যাখ্যা দিতেও বাধ্য নন বলে মন্তব্য করলেন। তাঁর দাবি, বিভিন্ন রুটে চলাচলকারী অন্য সব বাসের মতোই তিনি ভাড়া নিচ্ছেন।
অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানির সভাপতি খন্দকার রফিকুল হোসেন বলেন, দূরত্বের তুলনায় অতিরিক্ত ভাড়া নেওয়া কোনো মতেই আইনসম্মত নয়। তারপরও এটা হচ্ছে। এ ক্ষেত্রে অবশ্যই বিআরটিএর ব্যর্থতা রয়েছে। সর্বশেষ ২০১১ সালে ভাড়া পুনর্নির্ধারণের পর এখন পর্যন্ত আর বাস ভাড়া সমন্বয় করা হয়নি। আবার পুনর্নির্ধারণ করে বাস ভাড়া বাড়ালে জনগণ ক্ষেপে যেতে পারে। তাই সরকার বিষয়টি দেখেও না দেখার ভান করে আছে। নতুন করে ভাড়া পুনর্নির্ধারণের আগ পর্যন্ত আগের ভাড়াই বহাল থাকার নিয়ম-এমনটা জানিয়ে তাঁর অভিযোগ, সরকারি দলের লোকজনদের ছত্রছায়ায় এসব হচ্ছে।
ঢাকার মেট্রোপলিটন এলাকার মধ্যে বাস ভাড়ার বিষয়টি দেখভাল করে বিআরটিএ-এর ইঞ্জিনিয়ারিং বিভাগ। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, জানতে চাইলে বিআরটিএর উপপরিচালক (ইঞ্জি.) শীতাংশু শেখর বিশ্বাস বলেন, বিআরটিএর পক্ষ থেকে বাসগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে বাসভাড়া, গাড়ির ফিটনেস ও ভাড়ার তালিকা টাঙানোর ব্যাপারগুলো খতিয়ে দেখা হয়। কোনো অসংগতি পেলে অর্থদণ্ড থেকে শুরু করে সড়কে চলাচলের অনুমতি (রুট পারমিট) বাতিল করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিআরটিএর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়ার কথা কেউ লিখিতভাবে জানালে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। ‘স্বকল্প পরিবহন’-এর বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে বাস কোম্পানির মালিককে আর্থিক জরিমানা করা হয়। চেয়ারম্যানের দাবি, মাঝেমধ্যেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় ভাড়া আদায় সংক্রান্ত অভিযোগে তাৎক্ষণিক জরিমানা করা হয়। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়া বেআইনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে চলমান রাজনৈতিক অবস্থার কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কম হচ্ছে বলেও জানান তিনি।