বেআইনি যান বন্ধে হস্তক্ষেপ ফোনে জানাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তায় ইজিবাইক, নছিমন-করিমনের মতো বেআইনি যানবাহন বন্ধের কাজে রাজনৈতিক হস্তক্ষেপ হলে ফোন করে সরাসরি জানাতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে আজ বুধবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনায় মন্ত্রী এ নির্দেশ দেন। আলোচনায় কোনো কোনো ডিসি বলেছেন, ইজিবাইক, নছিমন-করিমনের মতো যানবাহন বন্ধের কাজে অনেক জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা তাঁদের বাধা দেন।

পরে এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওই অভিযোগ পাওয়ার কথা উল্লেখ করে সাংবাদিকদের বলেন, ‘আমি তাঁদের বলেছি, আমি ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কেউ যদি বাধা দেয়, তাহলে যেন তাঁরা সরাসরি জানান। হস্তক্ষেপ হলে যেন সঙ্গে সঙ্গে ফোন দেন। কিন্তু আইন মানাতে হবে। আমি তাঁদের এগুলো বন্ধের তাগিদ দিয়েছি।’

ট্রাক ও কাভার্ড ভ্যানের ত্রিকোণাকৃতি অ্যাঙ্গেল ও লোহার ধারালো হুক বন্ধের অভিযান জেলা পর্যায়ে সফলতা দেখা যাচ্ছে না উল্লেখ করে এ বিষয়ে আরও নজর দিতে ডিসিদের নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। জেলা পর্যায়ে মন্ত্রীসহ ভিআইপিদের সার্বক্ষণিক প্রটোকলে যেন ডিসি ও এসপিদের না থাকতে হয়, সে বিষয়টি পর্যালোচনা করে বিবেচনা করতে নির্দেশ দেন ওবায়দুল কাদের।