রাস্তায় ইজিবাইক, নছিমন-করিমনের মতো বেআইনি যানবাহন বন্ধ করতে গেলে রাজনৈতিক হস্তক্ষেপ হয় বলে অভিযোগ করেছেন জেলা প্রশাসকেরা (ডিসি)। তাঁরা এ বিষয়ে ব্যবস্থা নিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রতি অনুরোধ জানিয়েছেন।
জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় ডিসিরা এ বিষয়ে সহায়তা চান। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এই আলোচনায় কোনো কোনো ডিসি বলেছেন, ইজিবাইক, নছিমন-করিমনের মতো যানবাহন বন্ধের কাজে অনেক জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা বাধা দেন। আলোচনা শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘তাঁদের বলেছি, আমি ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক, কেউ বাধা দিলে তাঁরা যেন আমাকে সরাসরি জানান, সঙ্গে সঙ্গে ফোন দেন। কিন্তু আইন মানাতে হবে।’
ট্রাক ও কাভার্ড ভ্যানের ত্রিকোণাকৃতি অ্যাঙ্গেল ও লোহার ধারালো হুক বন্ধের অভিযানে জেলা পর্যায়ে সফলতা দেখা যাচ্ছে না উল্লেখ করে এ বিষয়ে আরও নজর দিতে ডিসিদের নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। জেলা পর্যায়ে মন্ত্রীসহ ভিআইপিদের সার্বক্ষণিক প্রটোকলে যেন ডিসি ও এসপিদের না থাকতে হয়, সে বিষয়টি পর্যালোচনা করে বিবেচনা করতে নির্দেশ দেন ওবায়দুল কাদের।
মন্ত্রিপরিষদ বিভাগে গতকাল সকাল থেকে শুরু হয় দ্বিতীয় দিনের অধিবেশন। এদিন সন্ধ্যা পর্যন্ত মোট ২০টি মন্ত্রণালয় সম্পর্কে আলোচনা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ডিসিদের নেতৃত্বেই গ্রামীণ জীবনযাত্রার মান উন্নয়নের কাজ করতে হবে। এ জন্য প্রকল্প হাতে নিতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম পর্যায়ক্রমে ১০ হাজার চিকিৎসক নিয়োগের কথা জানান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, ডিসিরা বিমানবন্দরগুলোকে আধুনিকায়নের প্রস্তাব করেছেন। নতুন নতুন জায়গায় কিছু বিমানবন্দর স্থাপনের কথাও বলেছেন। পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন যুগোপযোগী করা এবং আইনের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে বিধিমালা প্রণয়ন করতে ডিসিদের কাছে সুপারিশ চান। তিনি শিল্পকারখানায় ইটিপি স্থাপন এবং এর ব্যবহার অনলাইনে তদারকের ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।
বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ নিত্যপণ্যের দাম সব সময় স্বাভাবিক ও মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ডিসিদের নির্দেশ দেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় প্রতিমন্ত্রী মেহের আফরোজ সিলেটে বাল্যবিবাহ কমার জন্য ধন্যবাদ জানিয়ে অন্যদেরও এ বিষয়ে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
ডিসি-কমিশনারদের এক গুচ্ছ চাওয়া
জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় নিজেদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন ডিসি ও বিভাগীয় কমিশনাররা। এসব প্রস্তাবের মধ্যে ছিল বিভাগীয় কমিশনারদের পদটি প্রথম গ্রেডে (সচিব পদমর্যাদার) উন্নীত করা, সাধারণ প্রশাসনের (সিভিল) কর্মকর্তাদের বিদেশে শান্তি মিশনে পাঠানোর ব্যবস্থা করা, প্রতিটি বিভাগীয় ও জেলা পর্যায়ে একটি করে ‘অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার’ নির্মাণ, হাওর এলাকায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হাওর ভাতা চালু, ব্রিটিশ আমলে নির্মিত ডিসিদের বাসভবনগুলো না ভেঙে লাইব্রেরি বা জাদুঘর করা, আয়তন ও অবস্থান বিবেচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জ্বালানি বরাদ্দ বাড়ানো, বরিশাল বিভাগে একটি আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ইত্যাদি।
আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, এ সম্মেলনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ভবিষ্যতের জন্য সরকার কী প্রকল্প গ্রহণ করেছে এবং গতবার কী প্রকল্প নেওয়া হয়েছিল, সেগুলো নিয়ে মতবিনিময় করা হয়েছে। এটা সরকারের সঙ্গে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সেতু হিসেবে কাজ করে।
গতকাল রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে ডিসি ও বিভাগীয় কমিশনাররা সৌজন্য সাক্ষাৎ করেন। আজ বৃহস্পতিবার শেষ হবে তিন দিনের এই সম্মেলন।