বেআইনি হয়ে যাচ্ছে প্রায় ১০ হাজার ইটভাটা
ইট তৈরি ও ভাটা স্থাপনের নতুন আইন আজ ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে। এর ফলে প্রচলিত পুরোনো প্রযুক্তির প্রায় ১০ হাজার ইটভাটা বেআইনি হয়ে যাচ্ছে।
নতুন আইনে ইটভাটার প্রযুক্তি উন্নয়ন ছাড়াও ভাটা স্থাপনের স্থান, মাটি সংগ্রহ ও জ্বালানি ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ আরোপের বিধান রাখা হয়েছে। আইন লঙ্ঘনের শাস্তিও কঠোর করা হয়েছে। অপরাধের ধরনভেদে ৫০ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা এবং এক থেকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। পরিবেশ অধিদপ্তর এই আইন প্রয়োগ করবে।
তবে এই আইন প্রয়োগের জন্য দরকারি বিধিমালা এখনো প্রণীত হয়নি। ফলে আইনের প্রয়োগ এখনো অনিশ্চিত। অবশ্য সংশ্লিষ্ট সরকারি সূত্রগুলো বলেছে, এখন বর্ষাকাল বলে ইটভাটা এমনিতেই বন্ধ থাকবে। আগামী শুষ্ক মৌসুমে ভাটাগুলো চালুর আগেই বিধিমালা প্রণীত হবে।
জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. শাহ্জাহান প্রথম আলোকে বলেন, আইনটির প্রধান উদ্দেশ্য হলো মাটি ও জমি রক্ষা এবং দূষণ নিয়ন্ত্রণ। প্রযুক্তি পরিবর্তন ছাড়া কোনো ইটভাটা চালানো যাবে না। এ জন্য ভাটার মালিকদের বিশ্বব্যাংক প্রযুক্তিগত এবং এশীয় উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক ঋণ সহায়তা দেবে । তিনি বলেন, এটা মালিকদের জন্য বিশেষ সুযোগ। তাঁরা বর্তমান মৌসুমি বন্ধের সময়ই কারিগরি ও ঋণ সহায়তা নিয়ে ভাটাগুলোর প্রযুক্তি পরিবর্তন করতে পারেন।
নতুন আইনকে অত্যন্ত কঠোর উল্লেখ করে এর বাস্তবায়ন কতটা সম্ভব, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কয়েকজন ইটভাটার মালিক।
পরিবেশ অধিদপ্তর ও মন্ত্রণালয় সূত্র জানায়, দেশে প্রায় ছয় হাজার অনুমোদিত ইটভাটাসহ মোট ১০ হাজারেরও বেশি ইটভাটা রয়েছে। এগুলোতে কর্মরত লোকের সংখ্যা প্রায় ১০ লাখ। এসব ইটভাটার প্রায় শতভাগ শত বছরের পুরোনো প্রযুক্তির। এগুলোতে নিম্নমানের জ্বালানি ব্যবহার করা হয়। পাহাড়, নদীতীর, কৃষিজমি খনন করে মাটি সংগ্রহ করা হয়। উর্বর কৃষিজমি, বনভূমি থেকে শুরু করে আবাসিক এলাকায়ও ভাটা স্থাপন করা হয়। সামগ্রিক পরিবেশ-প্রতিবেশবিনাশী এই কার্যক্রম বন্ধ হওয়া জরুরি।
নতুন আইনে ইট তৈরির জন্য কৃষিজমি, পাহাড় বা টিলা থেকে মাটি সংগ্রহ নিষিদ্ধ করা হয়েছে। মজা পুকুর, খালবিল, খাঁড়ি-দীঘি, নদ-নদী, হাওর-বাঁওড়, চরাঞ্চল বা পতিত স্থান থেকে মাটি নিতে হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন লাগবে। মাটির ব্যবহার কমাতে প্রতিটি ভাটায় কমপক্ষে অর্ধেক ফাঁপা ইট তৈরি বাধ্যতামূলক। এলজিইডির তৈরি উপজেলা, ইউনিয়ন বা গ্রামীণ সড়ক দিয়ে ভারী যানবাহনে ইট বা ইট তৈরির কাঁচামাল বহনও নিষিদ্ধ করা হয়েছে।
নতুন আইনে ভাটায় কোনো জ্বালানি কাঠ ব্যবহার করা যাবে না। সরকারি মানমাত্রার (তিন শতাংশ) অতিরিক্ত সালফার, ছাই, পারদ বা অনুরূপ উপাদানসংবলিত কয়লা ব্যবহার করা যাবে না। সূত্রগুলো জানায়, ইটভাটার জন্য প্রতিবছর ভারত থেকে প্রায় এক কোটি মেট্রিক টন নিম্নমানের কয়লা আমদানি হচ্ছে। ওই কয়লায় সালফারের পরিমাণ পাঁচ থেকে আট শতাংশ পর্যন্ত হলেও দাম কম বলে এটিই ইটভাটার জ্বালানির প্রধান উৎস হয়ে উঠেছে।
কোথায় ভাটা করা নিষেধ: নতুন আইনে আবাসিক, সংরক্ষিত বা বাণিজ্যিক এলাকা; সিটি করপোরেশন, পৌরসভা বা উপজেলা সদর; কৃষিজমি ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় কোনো ইটভাটা স্থাপন করা যাবে না। অধিদপ্তরের ছাড়পত্র নিলেও এসব এলাকার সীমারেখা থেকে এক কিলোমিটারের মধ্যে ভাটা স্থাপন করা যাবে না। এ ছাড়া বিশেষ কোনো স্থাপনা, রেলপথ, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও ক্লিনিক, গবেষণাপ্রতিষ্ঠান প্রভৃতি থেকে এক কিলোমিটারের মধ্যে ইটভাটা করা নিষিদ্ধ। এলজিইডির তৈরি উপজেলা, ইউনিয়ন বা গ্রামীণ সড়ক থেকে আধা কিলোমিটারের মধ্যেও ভাটা করা যাবে না।
অনুসন্ধান কমিটি: এই আইনের উদ্দেশ্য পূরণে প্রতি জেলায় অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক করে একটি অনুসন্ধান কমিটি করার বিধান রয়েছে। কমিটির সদস্য হবেন সংশ্লিষ্ট ইউএনও, উপজেলা স্বাস্থ্য ও কৃষি কর্মকর্তা এবং বিভাগীয় বন কর্মকর্তা। পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় বা জেলা কার্যালয় থেকে মনোনীত কোনো কর্মকর্তা কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।
নতুন আইন সম্পর্কে জানতে চাইলে ইটভাটার কয়েকজন মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, নতুন আইন প্রয়োগে তাঁরা সরকারকে সহযোগিতা করবেন। তবে এত কঠোর আইনের প্রয়োগ বাস্তবে কতটা সম্ভব হবে, সে বিষয়ে তাঁদের সন্দেহ আছে। তাঁরা বলেন, পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণ ও মাটি-পাহাড়-কৃষিজমি রক্ষা করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি উন্নয়নের জন্য ইটও যে অপরিহার্য, তা-ও মনে রেখে আইন প্রণয়ন ও তার প্রয়োগের বিষয়ে ভাবা উচিত।