মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী অলিউর রহমানের মনোনয়নপত্র বেআইনিভাবে বাতিলের অভিযোগ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাবে মৌলভীবাজার সদর পৌর বিএনপি সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছে।
মনোনয়নপত্রের সঙ্গে আয়কর হিসাব বিবরণীর সর্বশেষ সনদপত্র দাখিল না করায় যাচাই-বাছাইয়ের শেষ দিন গতকাল রোববার রিটার্নিং কর্মকর্তা অলিউর রহমানের মনোনয়নপত্র বাতিল করেন।
অলিউর রহমানের মনোনয়নপত্র বাতিলের প্রতিবাদে পৌর বিএনপির উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির সভাপতি আনোয়ার আক্তার চৌধুরী।
অভিযোগ করা হয়, রিটার্নিং কর্মকর্তা ক্ষমতাসীন দলের বশীভূত হয়ে সরকারি দলের নেতাদের অবৈধ হস্তক্ষেপে ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী অলিউর রহমানের বৈধ মনোনয়নপত্র বেআইনিভাবে বাতিল করেছেন। অলিউর রহমানের পক্ষে মনোনয়ন-সংক্রান্ত যাবতীয় কাগজপত্র যথাসময়ে রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হয়েছে। কিন্তু বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা বলেন, অলিউর রহমানের সর্বশেষ আয়কর হিসাব বিবরণীর সনদপত্র নেই। অথচ বিবরণীর সদনপত্র জমা দেওয়া হয়েছে; যা আয়কর কার্যালয়ে সংরক্ষিত আছে। গতকাল শুনানির সময় অলিউর রহমানের পক্ষে কোনো কথা বলার সুযোগ দেওয়া হয়নি। সরকারের নীল নকশা অনুযায়ী ধানের শীষ প্রতীকের বিপুল জনসমর্থনের ভয়ে ও প্রতিটি জেলা সদরের পৌরসভা দখলের হীন উদ্দেশ্যে রিটার্নিং কর্মকর্তাকে প্রভাবিত করে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, প্রার্থিতা ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাওয়া হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল মুকিত, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল ওয়ালী সিদ্দিকী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, অলিউর রহমানের বড় ভাই খলিলুর রহমান, বিএনপির নেতা মো. ইদ্রিছ আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম প্রমুখ।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী অলিউর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা আমার কোনো কাগজ দেখেননি। আমি আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য কর অফিসে সময় চেয়েছিলাম। সেই কাগজ মনোনয়নপত্রের সাথে জমা দিয়েছিলাম। ওটা ফাইলে পাওয়া যায়নি।’
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার গতকাল প্রথম আলোকে বলেন, ‘সর্বশেষ দাখিলকৃত আয়কর রিটার্নের রসিদের কপি মনোনয়নপত্রের সাথে দাখিল না করায় অলিউর রহমানে মনোনয়নপত্র বাতিল হয়েছে।’