বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চুক্তি স্বাক্ষর কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা
শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিং থেকে আজ রোববার বেইজিং পৌঁছেছেন।

আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী চায়না ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজে মূল বক্তব্য দেবেন। তিনি পরে চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। সেখানে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় চীনের প্রধানমন্ত্রীর আয়োজনে এক ভোজসভায় শেখ হাসিনা অংশ নেবেন। খবর বাসসের।

প্রধানমন্ত্রী আগামী মঙ্গলবার বাংলাদেশ চায়না ট্রেড অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন ফোরামে মূল বক্তব্য দেবেন।
শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট জি জিনপিং এবং চায়নিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) চেয়ারম্যান উ ঝেংশেংয়ের সঙ্গে বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী সিসিটিভি, ইউনান টিভি ও চায়না রেডিও ইন্টারন্যাশনালের বাংলা বিভাগকে সাক্ষাত্কার দেবেন। এ ছাড়া চীনের কমিউনিকেশন ইউনিভার্সিটির বাংলা বিভাগের ছাত্রছাত্রীদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানেও তিনি যোগ দেবেন।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী চায়না ইস্টার্ন এয়ারলাইনসের বিমানটি স্থানীয় সময় বেলা দুইটায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনের পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার লিউ ঝেনমিন। এ সময় বেইজিংয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আজিজুল হক উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীকে দুজন শিশু ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানায়। পরে তাঁকে চায়নিজ পিপলস আর্মির একটি চৌকস দল স্ট্যাটিক গার্ড-অব-অনার দেয়।
বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রাসহকারে দাইয়োতাই সরকারি গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। বেইজিং অবস্থানকালে এই গেস্ট হাউসেই তিনি অবস্থান করবেন।
এর আগে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার (বাংলাদেশ সময় সকালে সাড়ে আটটা) দিকে কুনমিংয়ের চাঙশুই আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ছয় দিনের সরকারি সফরের অংশ হিসেবে ৬ জুন কুনমিং আসেন। পরে বিকেলে প্রধানমন্ত্রী তিয়েনআনমেন স্কয়ারে পিপলস হিরোজ মনুমেন্টে পুষ্পস্তবক অর্পণ করবেন।
প্রধানমন্ত্রী আগামী ১১ জুন বিকেলে ঢাকায় ফিরবেন। তাঁর সফরসঙ্গীদের মধ্যে আছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর রাজনীতিবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, প্রধানমন্ত্রীর মিডিয়াবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব শহিদুল হক এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী।
এ ছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে ৭০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও রয়েছে।
এর আগে কুনমিংয়ে প্রধানমন্ত্রী কুনমিং ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে চায়না-সাউথ এশিয়া এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এবং বক্তব্য দেন। এ ছাড়া তিনি চায়না-সাউথ এশিয়া বিজনেস ফোরামে মূল বক্তব্য উপস্থাপন করেন।
শেখ হাসিনা চীনের উপ-প্রধানমন্ত্রী ওয়াং ইয়াংয়ের সঙ্গে বৈঠক করেন এবং ইউনান প্রদেশের গভর্নর লি জিহেং আয়োজিত ভোজসভায় যোগ দেন।