বেইমান পাকিস্তান রাষ্ট্র কোনো কথাই রাখেনি: নৌমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের আহ্বায়ক শাজাহান খান বলেছেন, পাকিস্তান কথা দিয়েছিল যারা যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত, তাদের দেশে ফেরত নিয়ে বিচার করবে, পাকিস্তান তাদের কৃতকর্মের জন্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইবে। কিন্তু বেইমান পাকিস্তান রাষ্ট্র কোনো কথাই রাখেনি।
রাজধানীর সেগুনবাগিচার স্বাধীনতা হলে গতকাল রোববার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শাজাহান খান। সংবাদ সম্মেলনে সংগঠনটির আগামী কর্মসূচি এবং ২১টি লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন তিনি। লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে ১৯৫ জন চিহ্নিত যুদ্ধাপরাধী পাকিস্তানি সেনার বিচারের জন্য দেশটির ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করা, বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের দ্রুত দেশটিতে ফেরত পাঠানো, পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের পাওনা আদায়সহ নানা বিষয় সন্নিবেশ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে শাজাহান খান লিখিত বক্তব্যে বলেন, ‘আজ যখন এ দেশে দেশীয় যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন হচ্ছে, তখন আমরা দেখছি মুখোশের আড়াল ছেড়ে প্রকাশ্যে বেরিয়ে এসেছে পাকিস্তানের নোংরা মুখচ্ছবি।’
এরপর কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে জামায়াত ও দলটির অনুসারী অন্য সংগঠনগুলোকে নিষিদ্ধের জন্য সংসদ অধিবেশনে প্রস্তাব উত্থাপনের জন্য ৩ ফেব্রুয়ারি স্পিকার বরাবর স্মারকলিপি পেশ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ১৭ ফেব্রুয়ারি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এবং দেশের অন্য জেলাগুলোতে সমাবেশ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমত কাদির গামা, সাংসদ শিরীন আখতার, চলচ্চিত্রকার কাজী হায়াৎ, সাংবাদিক অঞ্জন রায় প্রমুখ।