বেইলি রোডে ইফতারির পসরা
পবিত্র মাহে রমজানের প্রথম জুমা ছিল গতকাল। একই সঙ্গে সরকারি ছুটির দিন। উপরন্তু ভোর হওয়ার আগে থেকেই টিপটিপ বৃষ্টি। শহরের দৃশ্যপট ছিল নিরিবিলি, জীবনযাত্রা মন্থর।পারতপক্ষে দিনের প্রথম ভাগে ঘর থেকে বেরই হননি অনেকে। দুপুরে গিয়েছেন মসজিদে জুমার নামাজ আদায় করতে। বরাবর রমজান মাসে যেমন হয়, গতকালও ঠিক তেমনি মুসল্লিদের বিপুল উপস্থিতি ছিল মসজিদে মসজিদে। রমজান মাসকে তিনটি পর্বে ভাগ করা হয়েছে এবং এই পর্বগুলোর রয়েছে পৃথক পৃথক বিশেষ তাৎপর্য। প্রথম ১০ দিন আল্লাহপাকের অশেষ রহমতের, মাঝের দশক মাগফিরাতের এবং শেষ ১০ দিন নাজাতের জন্য। রহমতের পঞ্চম দিন অতিবাহিত হচ্ছে আজ। রোজার দিনের বদলে যাওয়া রুটিন জীবনযাপনের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছে ইতিমধ্যে।ঈদের কেনাকাটার ব্যস্ততা এখনো শুরু হয়নি মহানগরে। প্রতিদিন বেলা শেষের ব্যস্ততা ইফতারকে কেন্দ্রে করেই। পুরান ঢাকার ইফতারির খ্যাতি বহুকালের। সেই ইফতারির তালিকায় হরেক রকমের কাবাব, ভাজি, ঝাল-মিষ্টির সমাহার। চকবাজারে রমজান মাসের প্রথম থেকেই প্রতিদিন বিকেলে বসে যায় ইফতারির বিশাল বাজার। যানজটের কারণে অনেকের পক্ষে ইচ্ছা থাকলেও পুরান ঢাকায় গিয়ে ইফতারি কেনা সম্ভব হয়ে ওঠে না। ইদানীং পুরান ঢাকার এসব ঐতিহ্যবাহী ইফতারির পসরা বসছে বেইলি রোডেও। নাটকের জন্য বিখ্যাত এই সড়কে খাবারের দোকানও গড়ে উঠেছে অনেকগুলো। এসব দোকানের ইফতারি বেশ প্রসিদ্ধিও লাভ করেছে ক্রেতাদের কাছে।বেইলি রোডের ইফতারির সবচেয়ে বড় পসরা সাজিয়ে থাকে ক্যাপিটাল কনফেকশনারি। শতাধিক পদ থাকে তাদের ইফতারির তালিকায়। এবার পদ কিছু কম। প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ শরফুদ্দিন জানালেন, এবার ৭০টি পদ তৈরি করেছেন তাঁরা। বাজারে ভোগ্যপণ্যের দাম বেশি বলে তাঁদের ইফতারির দামও কিছুটা বেড়েছে এবং পদও তৈরি করেছেন কম।ক্যাপিটালের মাংসের পদের মধ্যে আছে গরুর চপ, খাসির চপ, মগজ, খাসির আস্ত রানের রোস্ট, মুরগির রোস্ট, ফ্রাই, দোপেঁয়াজি, সুতি কাবাব, শিক কাবাব, টিক্কা, জালি কাবাব, রেশমি কাবাব প্রভৃতি। হালিম ২০০-৭০০ টাকা বাটি ও জিলাপি ১৮০ টাকা কেজি। টানা পরাটা ২০ টাকা ও পনির পরটা ৬০ টাকা। তেহারি ১০০ টাকা, খাসির কাচ্চি ১৫০ টাকা ও মাছের কাচ্চি ২০০ প্লেট। ফখরুদ্দিনের ইফতারির বাজারে রয়েছে প্রায় অর্ধশত পদ। হরেক রকমের কাবাব, খাসির কাচ্চি, লুটি, পরাটা, দহিবড়া, বোরহানি প্রভৃতি পাওয়া যাবে ফখরুদ্দিনের ইফতারির আয়োজনে।বেইলি রোড়ের অন্যান্য দোকানের মধ্যে পশ্চিমা ঘরানার খাবারের সম্ভার রয়েছে সুইস, স্কাইলার্ক, সসেজ, হ্যালভেশিয়া, গোল্ডেন ফুড প্রভৃতি। এসব দোকানে ইফতারির তালিকায় রয়েছে বারগার, পিজ্জা, স্যান্ডউইচ, চিকেন ফ্রাই, চিকেন ললি, ফালুদা, ফিরনি, কাস্টার্ড প্রভৃতি। বেইলি রোডের ইফতারির দোকানগুলোতে বিকেল থেকেই প্রচুর ক্রেতা আসছেন ঢাকার ঐতিহ্যবাহী ইফতারির পদগুলো কিনতে। মাসজুড়েই চলবে বেচাকেনার ব্যস্ততা।