স্টিলের পাটাতনগুলোয় জং ধরে বড় বড় ফুটোর সৃষ্টি হয়েছে। কিছু পাটাতন আলগা হয়ে আছে। দীর্ঘদিন সংস্কার না করায় এমন করুণ অবস্থা সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মনাই নদের ওপর নির্মিত বেইলি সেতুর। এতে সেতুটির ওপর দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছে উপজেলার দেড় লক্ষাধিক মানুষ।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধরমপাশা উপজেলার সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া মনাই নদের ওপর সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ের অধীনে ১৯৯২ সালে বেইলি সেতু নির্মাণ করা হয়। এর দৈর্ঘ্য ১০৪ মিটার এবং প্রস্থ ৩ দশমিক ৭ মিটার। উপজেলার বংশীকুণ্ডা উত্তর, বংশীকুণ্ডা দক্ষিণ, মধ্যনগর, চামরদানী, পাইকুরাটি ও সেলবরষ ইউনিয়নের লোকজন এর ওপর দিয়ে চলাচল করে। এ সেতুর ওপর দিয়ে হাটবাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানে আসা–যাওয়া করতে হয়। এ ছাড়া এর ওপর দিয়ে মোটরসাইকেল, লেগুনা, ভটভটি, ইজিবাইক, ঠেলাগাড়ি, রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ট্রাকসহ গড়ে প্রতিদিন তিন শতাধিক যানবাহন চলাচল করে। ২০১৫ সালের ১১ আগস্ট ধরমপাশা উপজেলার সওজের যাবতীয় কার্যক্রম নেত্রকোনা সওজের কাছে হস্তান্তর করা হয়।
১৬ মার্চ বেলা দুইটায় সরেজমিনে দেখা যায়, বেইলি সেতুতে ছোট-বড় ১৮৭টি পাটাতন রয়েছে। এর মধ্যে ৮টি পাটাতন জরাজীর্ণ। এসব পাটাতনে ১০-১২টি ছোট–বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া এক পাটাতনের সঙ্গে অন্য পাটাতনের জোড়া অংশের বেশ কিছু স্থান বিচ্ছিন্ন হয়ে গেছে। সেতুর চারটি পাটাতনের একাংশের ভাঙা স্থানে বেশ কয়েক বছর আগে ঢালাই করা হয়। এ অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছে।
সেতুর ওপর দিয়ে চলাচলকারী ইজিবাইকের চালক মাইজবাড়ী গ্রামের বাসিন্দা নূর হোসেন ক্ষোভের সঙ্গে বলেন, ‘কইয়া আর কিতা অইব, এই বিরিজডার মেলা জায়গায় গাতা (গর্ত) অইয়া গ্যাছেগা। হত্তিদিনই (প্রতিদিন) কুনু (কোনো) না কুনু একছিডেন অয়। এইডার দিহে কেউর কুনু নজর নাইগা।’
ধরমপাশা ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুক্তা দে, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা মারিয়ম, বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী শারমীন আক্তার এবং বৌলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রউফে মাহফুজ জানায়, পুরোনো হয়ে যাওয়ায় সেতুর কয়েকটি পাটাতনে ছোট–বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেতু পারাপারের সময় একটু উনিশ–বিশ হলেই পা ফসকে ঘটে যায় দুর্ঘটনা। এটি সংস্কারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
পাইকুরাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফেরদৌসুর রহমান বলেন, এ সেতুর ওপর দিয়ে এখানকার ছয়টি ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষ চলাচল করে। সাত-আট বছর ধরে এটির কোনো সংস্কার নেই।
উপজেলার সেলবরষ ইউপির সাবেক চেয়ারম্যান মো. আলী আমজাদ বলেন, ‘এটি হাওরবেষ্টিত উপজেলা। তাই নানা অজুহাতে এত দিন সুনামগঞ্জ সওজ কার্যালয় এ নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি। সুনামগঞ্জ জেলা সদর থেকে তিন থেকে সাড়ে তিন ঘণ্টায় ধরমপাশায় আসা যায়। কিন্তু দূরত্বসহ নানা অজুহাত দেখিয়ে এই উপজেলার সওজের যাবতীয় কার্যক্রম নেত্রকোনা জেলা সওজের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টিকে আমি কোনোভাবেই সমর্থন করতে পারছি না। বেইলি সেতুটি সংস্কার না করায় এর ওপর দিয়ে চলাচলকারী যানবাহনে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে লোকজনও হতাহত হচ্ছে। দ্রুত এ সমস্যার সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
নেত্রকোনার সওজ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার প্রথম আলোকে বলেন, এক সপ্তাহের মধ্যে এ সমস্যা সমাধানের যথাযথ উদ্যোগ নেওয়া হবে।