বেইলি সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যান চলাচল
নোয়াখালীর সেনবাগ সংযোগ সড়ক এবং সেনবাগ-সোনাইমুড়ী সড়কের দুটি বেইলি সেতু বর্তমানে যানবাহন চলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। কিন্তু সেতু দুটি সংস্কার কিংবা স্থায়ীভাবে পুনর্নির্মাণে সড়ক ও জনপথ অধিদপ্তরের কোনো তৎপরতা নেই। সেতু দুটির একটি হলো সেনবাগ সংযোগ সড়কের উত্তর সাহাপুর রেজুর দোকান এলাকায় এবং অন্যটি ছাতারপাইয়া বাজারের পশ্চিম পাশে। দুটি সেতুরই ওপর বসানো স্লিপার নষ্ট হয়ে গেছে। এর মধ্যে সেনবাগ সংযোগ সড়কের বেইলি সেতুটির ওপরের একটি স্লিপারের কিছু অংশ গত বৃহস্পতিবার খালে ভেঙে পড়ে। এতে সেতুটি যানবাহন চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।সরেজমিন সাহাপুর এলাকায় গেলে স্থানীয় বাসিন্দারা জানান, এক যুগের বেশি সময় আগে মূল সেতুটি ভেঙে পড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তর সেখানে একটি বেইলি সেতু স্থাপন করে। কিন্তু এরপর দীর্ঘ সময় পার হলেও সেতুটি পুনর্নির্মাণ করা হয়নি। এতে দিন দিন সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।সর্বশেষ গত বৃহস্পতিবার বিকেলে সেতুটির ওপরের একটি স্টিলের স্লিপারের জরাজীর্ণ অংশ খালে খসে পড়ায় সিএনজিচালিত অটোরিকশার একটি চাকা আটকে যায়। এরপর স্থানীয় লোকজন অন্য যানবাহনের সুবিধার্থে ভাঙা অংশে একটি নিশানা উড়িয়ে দেয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সেতুর স্লিপারের ওপরের অংশ খসে পড়ার ঘটনাটি তাৎক্ষণিক সড়ক ও জনপথ অধিদপ্তরকে অবহিত করা হলেও তারা অদ্যাবধি কোনো পদক্ষেপ নেয়নি। এ অবস্থায় উপজেলা সদরে যাতায়াতের প্রধান সড়কের এই সেতু দিয়ে যানবাহনগুলোকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।অটোরিকশাচালক মো. হোসেন বলেন, এমনিতেই সেতুটির প্রশস্ততা কম হওয়ায় একটির বেশি যানবাহন চলাচল করতে পারে না। তার ওপর এখন স্লিপার ভেঙে পড়ে যা অবস্থা হয়েছে, তাতে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।নোয়াখালী সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য বলেন, জরাজীর্ণ সেতু দুটি নতুন করে নির্মাণে ইতিমধ্যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে সাহাপুর এলাকার সেতুটির ধসে পড়া অংশ অস্থায়ী ভিত্তিতে সংস্কার করার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।