বেইলি সেতু ধসে যান চলাচল বন্ধ, দুর্ভোগ
টাঙ্গাইলের সখীপুর-বাটাজোর সড়কের ধুমখালি এলাকার বেইলি সেতুর স্টিলের পাত ধসে পড়ায় ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। এতে উপজেলার কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছে।
খবর পেয়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সখীপুর উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. মোতালেব জমাদার গতকাল সকালে ওই সেতু পরিদর্শনে যান।
স্থানীয় লোকজন ও এলজিইডি কার্যালয় সূত্র জানায়, সখীপুর-বাটাজোর সড়কের কীর্ত্তনখোলা বাজারের পশ্চিম পাশের ওই সেতুর ওপর দিয়ে গতকাল ভোরে একটি অতিরিক্ত ওজনের মালবাহী ট্রাক পার হচ্ছিল। একপর্যায়ে ওই ট্রাকের চাপে সেতুর দুটি স্টিলের পাত ধসে পড়ে এবং ট্রাকটি আটকে যায়। এ সড়ক দিয়ে সখীপুরের মানুষ গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের ভালুকা, গফরগাঁও এবং ময়মনসিংহ সদরে যাতায়াত করে। এ ছাড়া সখীপুর থেকে ঢাকা যাতায়াতের বিকল্প সড়কও এটি। প্রতিদিন ওই সড়কে ট্রাক, প্রাইভেট, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশাসহ হাজার খানেক যান চলাচল করে। তা ছাড়া ভালুকা থেকে পূর্বাঞ্চলের লোকজনের সখীপুর আসার একমাত্র সড়ক এটি। ওই সেতুটি ভেঙে পড়ায় ওই সব এলাকার কয়েক হাজার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে।
ওই সড়কে চলাচলকারী কালিয়ানপাড়া গ্রামের বাসিন্দা ও স্কুলশিক্ষক তাইবুর রহমান জানান, ‘ব্রিজটি জরাজীর্ণ। কমপক্ষে ২৫-৩০ বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। শিগগিরই ওই ব্রিজটি নির্মাণ করা না হলে যেকোনো মুহূর্তে প্রাণহানির ঘটনা ঘটতে পারে।’
এলজিইডির সখীপুর উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. মোতালেব জমাদার জানান, সেতুটি দ্রুত সংস্কারের জন্য গতকালই প্রতিবেদন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। মূল সেতুটি নির্মাণ ও বিকল্প রাস্তার পরিকল্পনা তৈরি করে শিগগিরই প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।