বেইলি সেতু নয় যেন মরণফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলার ডিমলা-নাউতরা-ডালিয়া সড়কের নাউতরা বেইলি সেতুটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। জরাজীর্ণ এই সেতু দিয়ে হালকা যানবাহন চলাচল করলেও প্রায়ই ঘটছে দুর্ঘটনা।নাউতরা বাজার এলাকার বাসিন্দা অতুল চন্দ্র দাস (১৮) জানান, প্রায়ই সেতুর লোহার পাত খুলে নদীতে পড়ে যায়। পরে সেগুলো উঠিয়ে কোনোমতে লাগিয়ে দেওয়া হয়। বছর তিনেক আগে সন্তানসহ এক দম্পতি মোটরসাইকেলে করে যাওয়ার সময় সেতুর লোহার পাত সরে নদীতে পড়ে যান। এতে চালকের স্ত্রী মারা যান। কিছুদিন আগে আরেকটি মোটরসাইকেলসহ দুই আরোহী নদীতে পড়ে আহত হন। এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে।নাউতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, এই সেতু দিয়ে ঝুনাগাছ, খালিশা চাপানী, ডালিয়া, সঠিবাড়ী, গয়াবাড়ী, কাকড়া, নাউতরা এলাকার লক্ষাধিক মানুষ ডোমার ও ডিমলা উপজেলা সদরে যাতায়াত করে।গত সোমবার সরেজমিনে দেখা যায়, সেতুটির বিভিন্ন স্থানে লোহার পাটাতন আলগাভাবে বসানো রয়েছে। কোথাও পাটাতন মরিচায় নষ্ট হয়ে গেছে, আবার কোথাও উঠে গেছে। ট্রলি, মাইক্রোবাস, মোটরসাইকেল সেতুতে উঠলে সেটি কাঁপে।এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, সেতুটি প্রায় পাঁচ বছর ধরে চলাচলের অনুপযোগী হলেও এখন পর্যন্ত সেটি মেরামত কিংবা সেখানে নতুন সেতু করার কোনো উদ্যোগ নেই। পথচারী নাউতরা ইউনিয়নের হাজিপাড়া গ্রামের ব্যবসায়ী আসাদুজ্জামান বলেন, ‘নাউতরা বাজার থেকে ডিমলা উপজেলার দূরত্ব আট কিলোমিটার। উপজেলার সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করলে আমাদের ওই সেতুর ওপর দিয়ে নিতে হয়। কিন্তু এটি ঝুঁকিপূর্ণ হওয়ায় অতিরিক্ত ২০ কিলোমিটার ঘুরে ট্রাকে করে নিতে হয়। এতে প্রতি বস্তায় পরিবহন খরচ পাঁচ টাকা বেড়ে যায়।’স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) ডিমলা উপজেলা প্রকৌশলী শ্যামাপদ ঘোষ প্রথম আলোকে বলেন, রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ। সওজ বিভাগ ২০০৩ সালে ওই বেইলি সেতুটি এলজিইডির কাছে হস্তান্তর করে। এরপর কয়েকবার সেখানে নতুন সেতু করার প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া সেতুটির সাময়িকভাবে কিছু মেরামত করা হয়েছে। কিন্তু সম্পূর্ণভাবে মেরামতের অনুপযোগী হওয়ায় সেটিকে দুই বছর আগে পরিত্যক্ত ঘোষণা করে ভারী ও হালকা যানবাহন চলাচল নিষিদ্ধ করে সেতুর সামনে ‘ঝুঁকিপূর্ণ সেতু’ হিসেবে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে।এলজিইডি সূত্র জানায়, ওই স্থানে ৯০ মিটার দীর্ঘ নতুন সেতু করার ব্যাপারে প্রস্তাব পাঠানো হয়েছে। ইতিমধ্যে মাটি পরীক্ষাসহ যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে। নতুন সেতু করতে আনুমানিক ব্যয় হবে দুই কোটি টাকা। এখন পর্যন্ত বরাদ্দ পাওয়া যায়নি।