বগুড়া-সারিয়াকান্দি সড়কের গাবতলী উপজেলার খলিশাকুড়া খালের ওপর নির্মিত বেইলি সেতুটি প্রায় ৪০ টন সারবোঝাই একটি ট্রাকসহ ভেঙে পড়েছে। গতকাল বুধবার ভোর ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে করে বগুড়া জেলা শহরের সঙ্গে সারিয়াকান্দি, গাবতলী ও সোনাতলা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দুর্ভোগে পড়েছে তিন উপজেলার প্রায় সাত লাখ মানুষ।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন বেইলি সেতু সংগ্রহ করে যোগাযোগ পুনঃস্থাপন করতে সপ্তাহখানেক সময় লাগবে। সেতুটির ধারণক্ষমতার প্রায় তিনগুণ মালামাল নিয়ে ট্রাকটি উঠে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তি, পুলিশ ও সওজ বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই সড়কটি দিয়ে প্রতিদিন জেলা শহর ও তিন উপজেলার মধ্যে বাস-ট্রাক, সিএনজিচালিত অটোরিকসা, অটোটেম্পু, কাভার্ডভ্যানসহ শত শত যানবাহন চলাচল করে। এ সড়কের সাতটি বেইলি সেতুর মধ্যে দুই বছর আগে তিনটিকে কংক্রিটের (আরসিসি) সেতুতে রূপান্তর করা হয়। বাকি চারটি বেইলি সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহনের ধারণক্ষমতা সর্বোচ্চ ১৫ মেট্রিক টন নির্ধারণ করে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী দুই ব্যক্তি বলেন, খলিশাকুড়া বেইলি সেতুতে ১৫ মেট্রিক টনের বেশি পণ্যবাহী যানবাহনের ওঠা নিষেধ থাকলেও ৪০ টন ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার নিয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ট্রাক ভোর ছয়টার দিকে সেতুতে ওঠার সঙ্গে সঙ্গে সেতুটি ভেঙে পড়ে। খুলনার রূপসা ঘাট থেকে সার নিয়ে গাবতলী উপজেলা সদরের গুদামে খালাস করতে আসছিল মেসার্স অরিন এন্টারপ্রাইজের ট্রাকটি।
সরেজমিনে দেখা গেছে, খালের পানিতে বস্তা ভিজে অধিকাংশ রাসায়নিক সার গলে গেছে। এতে খালের মাছসহ জলজ প্রাণী মরে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
গাবতলীর নেপালতলী গ্রামের সবজিচাষি আনিছার রহমান বলেন, ‘ভোরে খেত থেকে বেগুন ও কাঁচা মরিচ তুলে ভ্যানে করে বগুড়া শহরে নিতে চাইলেও ভাঙা সেতু দিয়ে পারাপার হতে না পাড়ায় দীর্ঘ পথ ঘুরে তা শহরে নিয়েছি। দীর্ঘ এই পথ ঘুরতে গিয়ে বেলা বেশি হওয়ায় সবজির দামও ঠিকমতো পাইনি।’
গাবতলী পৌরসভার মেয়র সাইফুল ইসলাম বলেন, ভোরে বেইলি সেতুটি ভেঙে পড়ায় গাবতলীসহ তিন উপজেলার সঙ্গে জেলা শহরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এতে মানুষের দুর্ভোগ চরমে। এ ছাড়া দুর্ঘটনার পর ভোরে সড়কে চলাচলকারী বেশ কয়েকটি যানবাহন ভাঙা সেতুতে আচমকা দুর্ঘটনায় পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গাবতলী উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মুহাম্মদ আহসান শহিদ বলেন, বিএডিসির ডিলারদের মাধ্যমে কৃষকদের কাছে বিক্রির জন্য ৮০০ বস্তা টিএসপি সার খুলনা ঘাট থেকে গাবতলী গুদামে আনা হচ্ছিল। সেতু ভেঙে ট্রাক খালে পড়ায় অনেক সার নষ্ট হয়ে গেছে।
গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরশেদ মিলটন বলেন, সেতু ভেঙে গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলা—এ তিন উপজেলার সাত লক্ষাধিক মানুষের যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সড়ক ও জনপথ বিভাগের বগুড়ার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুল হালিম বলেন, বগুড়া-সারিয়াকান্দি সড়কে বর্তমানে চারটি বেইলি সেতু রয়েছে। এসব সেতুতে ১৫ টনের বেশি পণ্যবাহী যানবাহনের চলাচল নিষিদ্ধ। কিন্তু দুর্ঘটনাকবলিত ট্রাকটি প্রায় ৪০ টন সার নিয়ে সেতুতে উঠে পড়ায় তা পুরোপুরি ভেঙে পড়েছে। এটি আর মেরামত সম্ভব নয়। দুর্ঘটনাকবলিত সেতুটিসহ তিনটি বেইলি ও একটি আরসিসি সেতু ভেঙে নতুন করে নির্মাণের জন্য ১৭ কোটি টাকার দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। এ কারণে আপাতত একটি বেইলি সেতু সংগ্রহ করে যোগাযোগ পুনঃস্থাপনের চেষ্টা চলছে। তবে তাতে কয়েক দিন সময় লাগতে পারে।