বেইলি সেতু ভেঙে ট্রাক পানিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল–দেলদুয়ার সড়ক

টাঙ্গাইল-দেলদুয়ার সড়কের দেলদুয়ার উপজেলার সরাতৈল এলাকার ভেঙে পড়া বেইলি সেতু। গতকাল তোলা ছবি l প্রথম আলো
টাঙ্গাইল-দেলদুয়ার সড়কের দেলদুয়ার উপজেলার সরাতৈল এলাকার ভেঙে পড়া বেইলি সেতু। গতকাল তোলা ছবি l প্রথম আলো

টাঙ্গাইল-দেলদুয়ার সড়কের একটি বেইলি সেতু ভেঙে মালবাহী ট্রাক তলিয়ে গেছে। সেতুতে অতিরিক্ত ওজনের ট্রাক ওঠায় গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। এতে টাঙ্গাইলের সঙ্গে দেলদুয়ার উপজেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ এবং ট্রাকচালক ও তাঁর সহকারী আহত হয়েছেন।

এর আগে গত শুক্রবার টাঙ্গাইল-দেলদুয়ার সড়কের চরপাড়া নামের এক স্থানে একটি সেতুর সংযোগ সড়ক (অ্যাপ্রোচ) ধসে পড়ে। সেতু ধসে পড়ায় এখন দেলদুয়ার ও টাঙ্গাইল সদরের মানুষ নৌকায় বিল পারাপার হচ্ছে। এতে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ টাঙ্গাইল কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৯ সালে সওজ দেলদুয়ার উপজেলার সারতৈল এলাকা ৬৬ মিটার দীর্ঘ বেইলি সেতুটি নির্মাণ করে। ঘটনার পরপর দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম ফেরদৌস ঘটনাস্থল পরিদর্শনকালে জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট থাকলে বিকল্প সড়ক হিসেবে টাঙ্গাইল-দেলদুয়ার সড়ক দিয়ে উত্তরবঙ্গের যানবাহন চলাচল করে। অতিরিক্ত যানবাহনের চাপেই এই সড়কের সেতুগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, চট্টগ্রাম থেকে গতকাল সকালে ৭০০ বস্তা সার নিয়ে ট্রাকটি টাঙ্গাইল রওনা দেয়। দুপুর ১২টার দিকে এটি সরাতৈল বেইলি সেতুতে ওঠার পর এর দক্ষিণ অংশ ভেঙে যায়। এতে ট্রাকটি সেতুর নিচে বিলের পানিতে ডুবে যায়। এ সময় ট্রাকের চালক ওমর ফারুক এবং চালকের সহকারী আবু বকর ট্রাকেই ছিলেন। স্থানীয় লোকজন তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। খবর পেয়ে কিছুক্ষণ পর টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি দল সেখানে গিয়ে তল্লাশি চালায়।

প্রত্যক্ষদর্শী সরাতৈল গ্রামের আলম মিয়া জানান, তিনি দুপুর ১২টার দিকে সেতুর উত্তর পাশে ছিলেন। দক্ষিণ দিক দিয়ে ট্রাকটি সেতুতে ওঠার পর হঠাৎ ঝাঁকুনি দিয়ে সেতু ভেঙে এটি নিচে পড়ে যায়।

সরেজমিনে গতকাল বেলা দেড়টার দিকে দেখা যায়, আশপাশের এলাকার মানুষ ভেঙে যাওয়া সেতু দেখতে ভিড় জমিয়েছে। সেতু না থাকায় নৌকা দিয়ে মানুষ পারাপার হচ্ছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান জানান, জনসাধারণের চলাচলের জন্য তাৎক্ষণিকভাবে তাঁরা নৌকার ব্যবস্থা করে দিয়েছেন।

সরাতৈল গ্রামের মামুন মিয়া জানান, সেতু ভেঙে যাওয়ায় নৌকায় পার হয়ে দেলদুয়ার যেতে হচ্ছে। জাঙ্গালিয়া গ্রামের আমিনুল রহমান জানান, নৌকায় পার হওয়া ঝুঁকিপূর্ণ, কিন্তু বাধ্য হয়ে তাঁদের নৌকায় চড়তে হচ্ছে।

সওজ টাঙ্গাইল কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল হাকিম জানান, সেতুটি মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী তিন-চার দিনের মধ্যে সেতুর ওপর দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হবে।