বেইলি সেতু ভেঙে দুটি ট্রাক খাদে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটিরচরে গত বৃহস্পতিবার রাতে বেইলি সেতু ভেঙে দুটি ট্রাক খাদে পড়ে যায়। এ ঘটনার পর থেকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়ক দিয়ে সিরাজগঞ্জ শহরগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ আছে।
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) এক কর্মকর্তা ও কয়েকজন এলাকাবাসী বলেন, পঞ্চগড় জেলা থেকে দুটি পাথরবোঝাই ট্রাক সিরাজগঞ্জ শহরে যাচ্ছিল। ট্রাকগুলো কুটিরচরের বেইলি সেতুর ওপর উঠলে সেতুর পূর্বদিকের একটি স্প্যানের লোহার পাটাতন দেবে যায়। এ সময় সেতুর দক্ষিণ পাশের রেলিং ভেঙে গেলে ট্রাক দুটি মালামালসহ সেতুর নিচে খাদে পড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ওই রাতেই সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে অংশ নেয়। এ ঘটনার পর থেকে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে উত্তরবঙ্গ থেকে সিরাজগঞ্জ জেলা শহরে যাতায়াতকারী যানবাহন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় হয়ে যাচ্ছে।
সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. আশরাফ আলী বলেন, ক্ষতিগ্রস্ত হওয়ায় ২০০ ফুট লম্বা ও ২৪ ফুট চওড়া বেইলি সেতুটি দিয়ে ১০ টনের বেশি মালামাল পরিবহন নিষিদ্ধ। সেতুর দুই দিকেই এ-সংক্রান্ত সাইনবোর্ড লাগানো আছে। বৃহস্পতিবার রাতে প্রায় ৮০ টন পাথর নিয়ে দুটি ট্রাক সেতু পারাপার হতে যায়। ফলে অতিরিক্ত ওজনের জন্য একটি স্প্যান ভেঙে যায়। সেতুটি মেরামত করার জন্য তাৎক্ষণিকভাবে কাজ শুরু করা হয়েছে। এ স্থানে অন্য একটি নতুন বেইলি সেতু স্থাপন করা হবে। এ জন্য এক সপ্তাহ সময় লাগতে পারে। বর্তমানে বিকল্পভাবে হেঁটে চলাচলের জন্য পাশ দিয়ে একটি বিকল্প ব্যবস্থা করা হয়েছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল সরদার বলেন, অতিরিক্ত ওজনের মালামাল নিয়ে সেতু পারাপার হওয়ার অভিযোগে সওজ কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। ট্রাক দুটি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।