বেইলি সেতু ভেঙে দুটি ট্রাক খালে, নিহত ১

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আজ বুধবার বেইলি সেতু ভেঙে পাথরবোঝাই দুটি ট্রাক পাশের খালে পড়ে আসাদুল ইসলাম (২৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একটি ট্রাকের চালকের সহকারী ছিলেন।
সকাল সাতটার দিকে উপজেলার গুদিঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। সেতুটি ভেঙে যাওয়ায় মঠবাড়িয়া ও বরগুনার পাথরঘাটা উপজেলার সঙ্গে ঢাকা, বরিশাল, খুলনা, পিরোজপুরসহ ১২টি পথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সকালে পাথরবোঝাই দুটি ট্রাক একসঙ্গে ওই সেতু পার হচ্ছিল। এ সময় সেতুটি ভেঙে ট্রাক দুটি খালে পড়ে যায়। এতে পেছনের ট্রাকের চালকের সহকারী আসাদুল ইসলাম ট্রাকের ভেতর আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। ট্রাক দুটির চালক পলাতক।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ট্রাকের ভেতর আটকা পড়ে আসাদুল ইসলাম নামের একজন চালকের সহকারী নিহত হয়েছেন। তাঁর বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বাগানবাড়ি গ্রামে। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। বরিশাল থেকে ক্রেন আসার পর নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হবে।
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, পাঁচ টন ধারণক্ষমতাসম্পন্ন সেতুটিতে ৫০ টন ওজনের দুটি ট্রাক (একটি ২৫ টন) একসঙ্গে চলাচল করায় সেতুটি ভেঙে পড়েছে। বরিশাল থেকে ক্রেন এনে উদ্ধারকাজ শুরু করা হবে। এ ব্যাপারে থানায় মামলা করা হবে।