বেইলি সেতু ভেঙে সড়ক যোগাযোগ বন্ধ চার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর-পার্বতীপুর সড়কের চিরিরবন্দর উপজেলার মাহমুদপুরে বেইলি সেতুর একাংশ ভেঙে পড়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
দিনাজপুর-পার্বতীপুর সড়কের চিরিরবন্দর উপজেলার মাহমুদপুরে বেইলি সেতুর একাংশ ভেঙে পড়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

দিনাজপুর-পার্বতীপুর সড়কের চিরিরবন্দর উপজেলার মাহমুদপুর গ্রামের কাঁকড়া নদীর ওপর স্থাপিত একটি বেইলি সেতুর কিছু অংশ ভেঙে পড়ায় চার দিন ধরে দিনাজপুর জেলা শহরের সঙ্গে পার্বতীপুর ও চিরিরবন্দর উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

জানা গেছে, ৬ আগস্ট রাত ৮টার দিকে বেইলি সেতুর কয়েকটি ‘ট্রাঞ্জাম’ ভেঙে নদীতে পড়ে যায়। ফলে সড়কপথে পার্বতীপুর ও চিরিরবন্দর উপজেলায় পণ্য ও যাত্রী পরিবহন বন্ধ রয়েছে।

চিরিরবন্দর উপজেলার আবদুলপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের শক্তি মোহন্ত জানান, জেলা শহরে যেতে কাঁকড়া নদীর ১৫৫ মিটার দীর্ঘ এই বেইলি সেতুটি অনেক দিনের পুরোনো। ফলে ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছেন পথচারীরা। যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

সড়ক ও জনপথ বিভাগ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মাছুম সারওয়ার জানান, ভারী যানবাহন চলাচলের কারণে বেইলি সেতুটির কয়েকটি ‘ট্রাঞ্জাম’ ভেঙে নদীতে পড়ে যাওয়ায় গত রোববার রাত ৮টা থেকে এই পথে বাস ও ট্রাক চলাচল বন্ধ করে দেওয়া হয়, তবে বিশেষ ব্যবস্থায় হালকা যানবাহন চলাচল করছে বলে তিনি দাবি করেন।

নির্বাহী প্রকৌশলী বলেন, সেতু মেরামতের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (আজ) এই পথে যানবাহন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।