বেইলি সেতুটি এখনো মেরামত করা যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবের মিরারচর এলাকার ধসে পড়া বেইলি সেতুটি গতকাল মঙ্গলবারও মেরামত করা যায়নি। এতে ঢাকা-কিশোরগঞ্জ, ময়মনসিংহ-সিলেট ও ময়মনসিংহ-চট্টগ্রামসহ পূর্বাঞ্চলীয় সড়কপথে দুই দিন ধরে সরাসরি যান চলাচল বন্ধ আছে। তবে ওই সেতুর নিচ দিয়ে বিকল্প সড়ক তৈরি করে গতকাল দুপুর থেকে হালকা যান চালানোর ব্যবস্থা করা হয়েছে।এদিকে সড়ক ও জনপথ ভৈরব অফিসের উপসহকারী প্রকৌশলী অহিদুজ্জামান ৭৫ লাখ টাকার ক্ষতির কথা উল্লেখ করে মামলা করেছেন। পুলিশ ওই মামলায় ট্রাকচালক ঢাকার শ্যামপুর এলাকার আবদুল হাইকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল জেলহাজতে পাঠিয়েছে।ভৈরব সড়ক ও জনপথ অফিস সূত্র জানায়, ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের ৫৬ কিলোমিটারের মধ্যে ভৈরবে তিনটি ও কিশোরগঞ্জ সদরের প্রবেশপথে একটি বেইলি সেতু রয়েছে। দুই যুগ আগে জরুরি প্রয়োজন মেটাতে অস্থায়ী ভিত্তিতে সেতুগুলো স্থাপন করা হলেও এখনো পাকা সেতু নির্মাণ করা যায়নি। এই অবস্থায় দেড় যুগ আগে সেতু চারটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পাঁচ টনের বেশি ওজনের ভারী যান চলাচল নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। এর পর থেকে বছরে একাধিকবার সেতু ধসে টানা কয়েক দিন যান চলাচল বন্ধ থাকার ঘটনা ঘটেছে।সর্বশেষ গতকাল সোমবার দুপুরে টিনবোঝাই একটি ট্রাক পার হতে গিয়ে ট্রাক নিয়েই সেতুটি ভেঙে মাটিতে আছড়ে পড়ে নতুন করে অচলাবস্থার সৃষ্টি হয়।উপসহকারী প্রকৌশলী অহিদুজ্জামান প্রথম আলোকে জানান, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে ধসে পড়া সেতুটি সহসা মেরামত করা যাবে না। এ কারণে বিকল্প সড়ক তৈরি করে হালকা যান চালানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে এটা দিয়ে বড় গাড়ি ও ভারী যান চলাচল করতে পারবে না।