বেইলি সেতুতে ট্রাক আটকে ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি চৌমুহনী বাস টার্মিনাল-সংলগ্ন এলাকায় গতকাল বুধবার বেইলি সেতু ভেঙে একটি ট্রাক আটকে যায় এবং কালামুড়িয়া এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সকাল আটটা থেকে কুমিল্লা-সিলেট মহাসড়কে প্রায় ছয় ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। যাত্রীদের পোহাতে হয় দুর্ভোগ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহাসড়কের কালামুড়িয়া এলাকায় সকাল আটটার দিকে মালামাল ভর্তি দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কেউ হতাহত হয়নি। তবে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এসে ট্রাক সরিয়ে নিলে ১০টার দিকে আবার যান চলাচল শুরু হয়। এর কয়েক মিনিটের মধ্যেই কুটি চৌমুহনী বাস টার্মিনাল-সংলগ্ন এলাকায় বেইলি সেতুতে প্রায় ৬০ টন পাথরভর্তি ট্রাক উঠলে সেতুটির একটি অংশ ভেঙে ট্রাকটি আটকে যায়। এতে আবার ওই মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।পরে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি খালি করে সরিয়ে নেয়। পরে সেতুর পাটাতনে ঝালাই দিয়ে আবার স্থাপন করা হয়। বেলা দুইটার দিকে মহাসড়কে আবার যান চলাচল শুরু হয়।তফাজ্জল হোসেন নামের একজন ট্রাকচালক প্রথম আলোকে বলেন, দায়সারাগোছের কাজের কারণে সেতুটি ঘন ঘন মেরামত করতে হয়। এতে গাড়িচালক ও যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।বাসযাত্রী হাসু বেগম (৫০) বলেন, ‘সিলেটের উদ্দেশে রওনা করেছি। সকাল আটটা থেকে এখানে আটকে আছি। এখন বাজে প্রায় দুইটা। অধৈর্য লাগে। রোজার মাস, কখন সিলেটে পৌঁছাব, তার নাই ঠিক।’ব্রাহ্মণবাড়িয়া সওজ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. রমিজ উদ্দিন বলেন, ট্রাকটি সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে পাটাতন এনে সেতুতে আবার স্থাপন করলে বেলা দুইটা থেকে যান চলাচল শুরু হয়।ব্রাহ্মণবাড়িয়া সওজ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আবদুল খালেক বলেন, সেতুটি ষাটের দশকে নির্মাণ করা হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সাময়িক বন্ধ থাকায় এ সেতুর ওপর দিয়ে ভারী যান চলাচল করে। এতে সেতুটি ঘন ঘন ভেঙে যায়। সপ্তাহে প্রায় দুবার সংস্কার করতে হয়। বেইলি সেতু পুনর্নির্মাণ করতে দরপত্র চূড়ান্ত হয়েছে। বাইপাস সড়ক নির্মিত হলেই সেতুর কাজ শুরু হবে।