ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ এলাকার বোয়ালিয়া বেইলি সেতুর পাটাতন (স্লিপার) সরে গিয়ে গতকাল সোমবার কাভার্ড ভ্যান (লরি) আটকে যায়। এতে প্রায় তিন ঘণ্টা ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় সৃষ্টি হয় তীব্র যানজট। পরে বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
বরিশাল হয়ে পটুয়াখালী যাওয়ার পথে গতকাল সকাল আটটার দিকে বোয়ালিয়া বেইলি সেতু পার হতে গিয়ে বিটুমিন ড্রামভর্তি কাভার্ড ভ্যানটি আটকে যায়। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় ব্যক্তিরা জানান, কাভার্ড ভ্যানটি সেতুতে উঠে ব্রেক কষার সঙ্গে সঙ্গে পাটাতন সরে গিয়ে সামনের চাকা আটকে যায়। পরে তিন ঘণ্টা চেষ্টার পর বাকেরগঞ্জ থানা এবং সড়ক বিভাগের সহযোগিতায় ভ্যানটি সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, বেলা ১১টায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ বরিশালের নির্বাহী প্রকৌশলী খালেদ সাহেদ বলেন, ধারণক্ষমতার বেশি জিনিস বোঝাই করে কাভার্ড ভ্যানটি সেতুতে ওঠায় দুর্ঘটনার শিকার হয়। তিনি আরও বলেন, সেতুটি পুরোনো। ওখানে স্থায়ীভাবে সেতু নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে। খুব শিগগিরই সেতু নির্মাণের কাজ শুরু হবে।