বেইলি সেতুর পাটাতন খুলে পড়ায় সরাসরি যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেইলি সেতুর একটি পাটাতন খুলে যাওয়ায় দুদিন ধরে বান্দরবান-রাঙামাটি সড়কে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। মেরামতকাজ শেষ করে আজ শুক্রবার বেইলি সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে বলে জানান বান্দরবান সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রকৌশলীরা।
গত বুধবার বিকেলে বালুবোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় বান্দরবান শহরতলির বাকিছড়ামুখ এলাকার ওই বেইলি সেতুর একটি পাটাতন খুলে যায়। এতে ট্রাকটি সেতুতে আটকা পড়ে। সেতুটিও একটু হেলে পড়েছে।
সওজের বান্দরবানের উপবিভাগীয় প্রকৌশলী আশীষ কুমার মুখার্জি বলেন, ধারণক্ষমতার অতিরিক্ত বালুবোঝাই ট্রাক অতিক্রম করার সময় সেতুটি দেবে গিয়ে পাটাতন খুলে যায়। প্রায় তিন দশক আগে নির্মিত পুরোনো এই সেতু এক মাস আগেও একবার ধসে পড়েছিল। সেতুটি দ্রুত মেরামতের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। কাজ শেষ করে আজ শুক্রবার যেকোনো সময় যানবাহন চলাচলের জন্য তা খুলে দেওয়া হবে।
বান্দরবানের পরিবহন শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মিলন দাশ বলেন, বান্দরবান থেকে সরাসরি রাঙামাটি পর্যন্ত যানবাহন চলাচল না করলেও ক্ষতিগ্রস্ত বেইলি সেতুর উভয় পাশে গাড়ি রাখা হয়েছে। যাত্রীরা গাড়ি বদল করে যাতায়াত করতে পারেন।