বেইলি সেতুর পাটাতন ভেঙে পাঁচ সড়কে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট-শেরপুর পাকা রাস্তার মাঠপাড়া গাড়ামারা খালের ওপর নির্মিত বেইলি সেতুর পাটাতন ভেঙে পাঁচটি সড়কের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। গত শুক্রবার ভোররাতে অতিরিক্ত মালবোঝাই একটি ট্রাকের চাকায় ওই পাটাতনটি ভেঙে যায়।
ধুনট-শেরপুর শহরের মধ্যে যোগাযোগের বিকল্প কোনো রাস্তা না থাকায় ওই সড়কের যাত্রীরা বেশি দুর্ভোগের শিকার হন।
বগুড়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বিভাগীয় প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, আজ (শনিবার) সকাল থেকে বেইলি সেতুটির মেরামতের কাজ শুরু করা হয়েছে। আগামীকালের (রোববার) মধ্যেই মেরামতকাজ শেষ করা হবে। মেরামতের পর থেকে অতিরিক্ত মালামাল বোঝাই ট্রাক চলাচল বন্ধ করার ব্যবস্থা নেওয়া হবে।
সওজ বিভাগ সূত্র জানায়, ধুনট-শেরপুর পাকা রাস্তায় মাঠপাড়া গ্রামের কাছে গাড়ামারা খালের ওপর ১৯৯২ সালে ৩০ মিটার দৈর্ঘ্যের বেইলি সেতুটি নির্মাণ করা হয়। এর পর থেকে সেতুর ওপর দিয়ে সর্বোচ্চ ১০ মেট্রিক টন ওজনের যানবাহন চলাচলের নিয়ম ছিল। অথচ নিয়ম উপেক্ষা করে সেতুর ওপর দিয়ে ৪০ মেট্রিক টন ওজনের পাথরবোঝাই ট্রাক পারাপার করা হয়েছে। এভাবে ধীরে ধীরে সেতুটির পাটাতন ভেঙে পড়ে।
সরেজমিনে জানা গেছে, চার বছর আগে ওই সেতুর কয়েকটি পাটাতন ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তখন সওজ কর্তৃপক্ষ জোড়াতালি দিয়ে সেতুটি কয়েক দফা সংস্কার করে। অভিযোগ রয়েছে, সঠিকভাবে সংস্কারের কাজ না করায় গত ১৬ নভেম্বর পাথরবোঝাই ট্রাক যাওয়ার সময় সেতুটির অর্ধেক অংশ ভেঙে পানিতে পড়ে যায়। পরে এক মাস ধরে সেতুটি মেরামত করে চলাচলের উপযোগী করা হয়। এ অবস্থায় শুক্রবার ভোররাতের দিকে যমুনার তীর সংরক্ষণ প্রকল্পের পাথর নিয়ে যাওয়ার সময় ট্রাকের চাকার ধাক্কায় একটি পাটাতন ভেঙে যায়। এতে ওই দিন সকাল থেকে শেরপুর উপজেলার সঙ্গে ধুনট, সোনামুখী, গোসাইবাড়ী, মথুরাপুর ও ঢেকুরিয়া এই পাঁচটি সড়কের ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
ধুনটের অটোরিকশাচালক আমজাদ হোসেন জানান, শেরপুর-ধুনটের মধ্যে বিকল্প কোনো রাস্তা না থাকায় তাঁরা ৩০ কিলোমিটার ঘুরে শেরপুর উপজেলা শহরে যাতায়াত করছেন।