বেইলি সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ
কক্সবাজারের মহেশখালী উপজেলার একটি বেইলি সেতুর পাটাতন ভেঙে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে স্থানীয় লোকজন চরম ভোগান্তি পোহাচ্ছে।
এলাকাবাসী জানায়, উপজেলার গোরকঘাটা-জনতাবাজার সড়কের মাঝখানে হোয়ানক ইউনিয়নের বড়ছড়ার বেইলি সেতুটি সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ওই সেতুর ওপর দিয়ে চলাচল করতে গিয়ে গত অক্টোবরে ২০টি সিএনজিচালিত অটোরিকশা উল্টে কমপক্ষে ৩৫ জন আহত হন। গত রোববার একটি ট্রাক সেতুটির ওপর দিয়ে যাওয়ার সময় সেতুর পাটাতন ভেঙে সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, সেতুর পাটাতন ভেঙে যাওয়ায় সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। এতে ওই স্থানে গাড়ি পরিবর্তন করে যাতায়াত করতে গিয়ে লোকজন দুর্ভোগ পোহাচ্ছে।
কালারমারছড়া ইউনিয়নের উত্তরনলবিলা এলাকার বাসিন্দা জসিম উদ্দিন বলেন, সেতুর পাটাতন ভেঙে যাওয়ায় ৪০ মিনিটের পথ যেতে এখন সময় লাগছে দুই ঘণ্টার ওপরে।
হোয়ানক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল করিম চৌধুরী বলেন, শুধু একটি বেইলি সেতুর কারণে সড়ক যোগাযোগ চার দিন ধরে বন্ধ রয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের কক্সবাজারের উপবিভাগীয় প্রকৌশলী খালেদ আনোয়ার বলেন, হরতালের কারণে বেইলি সেতুটি মেরামত করা সম্ভব হয়নি। হরতালের পর সেতুটি মেরামত করা হবে।