বগুড়ার ধুনট-শেরপুর পাকা সড়কের মাঠপাড়া গ্রামে গাড়ামারা খালের ওপর বেইলি সেতুর পাটাতন ভেঙে পাথরবোঝাই একটি ট্রাক আটকা পড়ায় গতকাল শনিবার সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত সেতু মেরামতের কাজ চলছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে পাথরবোঝাই একটি ট্রাক সিরাজগঞ্জের কাজীপুর যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প এলাকার যাচ্ছিল। সকাল নয়টার দিকে মাঠপাড়া বেইলি সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় একটি পাটাতন ভেঙে ট্রাকটি আটকা পড়ে। এতে সেতুর দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৯৯২ সালে মাঠপাড়া গ্রামে গাড়ামারা খালের ওপর ৬২ মিটার দৈর্ঘ্য বেইলি সেতুটি নির্মাণ করা হয়। এরপর থেকে সেতুর ওপর দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই ভারী যান চলাচল করে। এ কারণে গত এক বছরে সেতুটির পাটাতন আটবার ভেঙে যায়। পরে সওজ কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামত করে যানবাহন চলাচলের ব্যবস্থা করে।
পাঁচটার দিকে মুঠোফোনে জানতে চাইলে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বেলা আড়াইটার দিকে ট্রাকটি উদ্ধার করা হয়। সেতুর মেরামতকাজ চলছে। আশা করা যাচ্ছে, আগামীকাল (আজ রোববার) সকাল থেকে যান চলাচল করতে পারবে।
বগুড়া সওজের নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম খান বলেন, অতিরিক্ত মালামালসহ ভারী যানবাহন চলাচল করায় অনেক আগেই সেতুটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।