শরীয়তপুর-মাদারীপুর সড়কের টেকেরহাট বেইলি সেতুর পাটাতন ভেঙে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। শরীয়তপুর সদর উপজেলার টেকেরহাট কীর্তিনাশা নদীর ওপর বেইলি সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শরীয়তপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, শরীয়তপুর-মাদারীপুর সড়কে কীর্তিনাশা নদীর ওপর আংগারিয়া, খোয়াজপুর ও টেকেরহাটে তিনটি বেইলি সেতু অবস্থিত। দীর্ঘদিন ধরে সেতুগুলো ঝুঁকিপূর্ণ থাকায় মেরামত করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হচ্ছে। প্রায়ই সেতু ভেঙে যান চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় কীর্তিনাশা নদীর টেকেরহাট বেইলি সেতুটির পাটাতন ভেঙে যায়। সওজ বিভাগের কর্মীরা সেতুর পাটাতন মেরামতের কাজ করছেন। আজ শনিবার সকাল থেকে সেতু দিয়ে যান চলাচলের সম্ভাবনা রয়েছে। সেতু দিয়ে যানবাহন চলাচল না করায় চট্টগ্রাম-মংলা সড়কের যাত্রী ও পণ্যবাহী গাড়ি ও ট্রাক আটকা পড়েছে। শরীয়তপুর সওজ বিভাগের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বেইলি সেতুর স্থলে নতুন সেতু তৈরি না করা পর্যন্ত মানুষের দুর্ভোগ কমানো যাবে না।’