পাটাতন সরে যাওয়ায় নেত্রকোনা-কলমাকান্দা সড়কের গুমাই নদের ওপর বেইলি সেতুর ওপর দিয়ে যানবাহন পারাপার হতে পারছে না। গতকাল মঙ্গলবার সকালে অতিরিক্ত ওজনের বালুবাহী ট্রাক ওঠায় পাটাতন ভেঙে নদে পড়ে যায়। এতে দুর্গাপুর ও কলমাকান্দার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের অভিযোগ, যথাযথভাবে সংস্কার না করায় সেতুটি কয়েক দিন পরপর ভেঙে যায়। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) বারবার জোড়াতালি দিয়ে দায়সারাভাবে মেরামত করছে। সেতুটিতে রয়েছে সাড়ে চার শর মতো জোড়াতালি। তবে ওই অভিযোগ অস্বীকার করে সওজ দাবি করেছে, নির্দেশনা অমান্য করে অতিরিক্ত ওজনের গাড়ি ওঠায় সেতুটি বারবার ধসে পড়েছে।
সওজ, স্থানীয় বাসিন্দা ও উপজেলা ভাইস চেয়ারম্যানের কার্যালয় সূত্রে জানা গেছে, ওই বেইলি সেতু দিয়ে প্রতিদিন কয়েক শ মানুষ এবং বালুভর্তি ট্রাক, লরি, যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যান চলাচল করে। সম্প্রতি দুর্গাপুর উপজেলার সঙ্গে জেলা সদরসহ ময়মনসিংহ অঞ্চলের সংযোগ রক্ষাকারী শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ার পর থেকে নেত্রকোনা-কলমাকান্দা সড়কের ওপর যানবাহনের চাপ আরও বেড়ে গেছে। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে দুর্গাপুরের সুমেশ্বরী নদী থেকে বালু ভর্তি করে একটি ট্রাক সেতুতে উঠলে সেতুর মাঝে থাকা তিনটি পাটাতন সরে নিচে পড়ে যায়। এরপর থেকে ওই সেতুর ওপর দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না।
সওজের দাবি, এই সেতু দিয়ে পাঁচ টনের বেশি মালপত্র নিয়ে যানবাহনের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এ জন্য সাইনবোর্ডও টাঙানো হয়েছে। কিন্তু সওজের নির্দেশ না মেনে প্রতিদিন সেতু দিয়ে ২৫ থেকে ৩২ টনের বেশি মালপত্র নিয়ে যানবাহন চলছে।
এ বিষয়ে গতকাল রাত পৌনে আটটার দিকে সওজের নেত্রকোনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার বলেন, ‘সেতুটি মেরামত করতে বেশ কিছু সময় লাগবে। কখন হবে তা বলা যাচ্ছে না। জামালপুর থেকে ট্রানজিয়াম (পাটাতন) আনতে লোক পাঠিয়েছি।’