বেইলি সেতুর পাত খুলে যান চলাচল বন্ধ, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কের চাপাইর এলাকায় তুরাগ নদের ওপর বেইলি সেতুর পাত ধসে পড়ায় ২০ দিন ধরে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ওই সড়কে চলাচলরত যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে।এলাকাবাসী জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাজার বাসস্টেশন থেকে মাওনা পর্যন্ত নিয়মিত যাত্রীবাহী বাস ও মালবাহী যানবাহন চলাচল করত। কয়েক মাস ধরে ওই সড়কের বেইলি সেতুটি চলাচলের অনুপযোগী হলেও ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছিল। আর কর্তৃপক্ষ সেতুর দুই পাশে ‘ঝুঁকিপূর্ণ সেতু, সাবধানে চলাচল করুন’ সাইনবোর্ড দিয়েই দায়িত্ব শেষ করেছে। প্রায় তিন সপ্তাহ আগে সেতুটির কয়েক স্থানে স্টিলের পাত ধসে যাওয়ায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে উপজেলার ফুলবাড়িয়া, পাইকপাড়া, কাঞ্চনপুর, মেদীয়াশুলাই, কুতুবদিয়া, চাপাইরসহ প্রায় ১৫ থেকে ২০টি গ্রামের মানুষ তাঁদের উৎপাদিত পণ্য কালিয়াকৈর সদর বাজারে বিক্রির জন্য আনতে পারছেন না। তাঁদের ফুলবাড়িয়া-মৌচাক সড়ক দিয়ে প্রায় ৫০ কিলোমিটার রাস্তা ঘুরে মালামাল নিয়ে কালিয়াকৈর বাজারে আসতে হচ্ছে। সাধারণ লোকজনও চলাচল করছে জীবনের ঝুঁকি নিয়ে। সরেজমিনে দেখা যায়, ওই বেইলি সেতুটির বিভিন্ন স্থানের পাত ধসে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দুই পাশের রেলিং নড়বড়ে হয়ে গেছে। এলাকার লোকজন সেতুর দুই পাশে বাঁশ দিয়ে বন্ধ করে দিয়েছেন। তবু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে হেঁটে চলাচল করছে। দ্রুত সংস্কার করা না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। চাপাইর এলাকার ব্যবসায়ী রিপন হোসেন বলেন, সেতুটির পাতগুলো প্রায় ভেঙে যাচ্ছে। নাট-বলটুগুলো খুলে যাচ্ছে। মাঝেমধ্যে এর মেরামত করা হলেও স্থায়ীভাবে কোনো সমাধান করা হচ্ছে না। বড় দুর্ঘটনা ঘটার আগেই পুরো সেতুর সংস্কার করা প্রয়োজন।কালিয়াকৈর এলাকার ব্যবসায়ী শওকত হোসেন জানান, সেতুটি নিয়ে দুই পাশের মানুষ খুব আতঙ্কের মধ্যে আছে। পাতগুলো সরে যাচ্ছে, সেগুলো গ্রামবাসী আবার কোনো রকমে বসিয়ে দিয়ে যাতায়াতের কাজ চালান। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি সেতুটি পরিদর্শনে আসেন। তিনি সেতুটির করুণ অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তিনি গাজীপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে আগামী ২০ দিনের মধ্যে এ সেতু সংস্কারের নির্দেশ দেন।গাজীপুর সওজের প্রকৌশলী উৎপল সামন্ত প্রথম আলোকে জানান, সেতুটি দীর্ঘদিনের পুরোনো। এ কারণে এমন হচ্ছে। তবে মন্ত্রীর বেঁধে দেওয়া সময়ের মধ্যেই এটিকে চলাচলের উপযোগী করে তোলা হবে।