বেওয়াকুফের মতো কাজ করব না: এইচ টি ইমাম
পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্প্রতি যে দাবি উঠেছে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম গতকাল শনিবার এক অনুষ্ঠানে কথা বলেছেন। তিনি বলেন, ‘সবকিছুর পরেও আমাদের আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলতে হবে। যে কূটনৈতিক সম্পর্কের কথা আপনারা বলছেন, যে বাণিজ্যিক সম্পর্কের কথা বলছেন, সবকিছু মিলিয়ে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের এখন অন্যরকম একটি পরিচয়। বাংলাদেশ একটি উন্নয়নের মডেল। আমাদের প্রধানমন্ত্রী একজন বিশ্বনেত্রী। তাঁর সরকার বা তাঁর অধীনে আমরা যাঁরা কাজ করি বা তাঁর দল—আমরা তো পাকিস্তানিদের মতো বেওয়াকুফের মতো কাজ করব না।’
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনের পাশের সম্মেলনকক্ষে ‘একাত্তরের গণহত্যা: পাকিস্তানিদের অস্বীকার’ শীর্ষক এক আলোচনা সভায় এইচ টি ইমাম এসব কথা বলেন।
এইচ টি ইমাম বলেন, পাকিস্তানের জনগণ এখনো জানে না যে একাত্তরে কী হয়েছিল। যাঁরা জানেন, তাঁরা এর প্রতিবাদ করছেন। অনেকে বলছেন, পাকিস্তানের উচিত বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ক্ষতিপূরণ দেওয়া। কিন্তু পাকিস্তানের মিলিটারি, ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ীসহ কতিপয় ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতা কখনো মেনে নিতে পারেননি। একাত্তরের ১৬ ডিসেম্বরে যে পরাজয়, সেই গ্লানি তাঁরা ভুলতে পারেন না। এটি মনে হলেই তাঁদের মাথা খারাপ হয়ে যায়। তখন যত উল্টাপাল্টা কথা তাঁরা বলতে থাকেন।
আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান ইসমাত কাদির গামা মুক্তিযুদ্ধে গণহত্যার ভয়াবহ চিত্র তুলে ধরে বলেন, ‘আমি মনে করি, পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক থাকা উচিত না। জানুয়ারিতে আন্তর্জাতিক বাণিজ্য মেলায়ও পাকিস্তানের অংশগ্রহণ নিষিদ্ধ করা উচিত।’
জাতীয় পতাকা তৈরির রূপকার শিবনারায়ণ দাশ বলেন, ’৭১-এ পাকিস্তানি সেনাদের অত্যাচারকে শুধু অমানবিক ও নির্মমতা শব্দ দুটি দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। তারপরও পাকিস্তান বলছে যে তারা গণহত্যা করেনি। এই ঔদ্ধত্য ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মাহবুব জামান। সভাপতিত্ব করেন অধ্যাপক খন্দকার বজলুল হক।