বেওয়ারিশ দাফন, অতঃপর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পলাশ মোল্লা
পলাশ মোল্লা

নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের বাসিন্দা পলাশ মোল্লা নিখোঁজ হন গত ২৩ জুন। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় ৩০ জুন।

পরিবারের জিডির আগেই ২৬ জুন পার্শ্ববর্তী মাগুরা জেলার সদর থানা পুলিশ একটি লাশ উদ্ধার করে। লাশের পরিচয় না পাওয়ায় সেখানকার পুলিশ বেওয়ারিশ হিসেবে তা দাফন করে।

লোহাগড়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ৩০ জুন নিখোঁজের বিষয়টি উল্লেখ করে থানায় জিডি করে পলাশের পরিবার। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় একই গ্রামের আনারুলকে (৩৫) সন্দেহ করে। এরপর গত রোববার সকালে তাঁকে থানায় ডেকে আনা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আনারুল পুলিশকে নিয়ে মাগুরার ঘটনাস্থলে যান। কিন্তু সেখানে গিয়ে জানা যায়, সদর থানা-পুলিশ ২৬ জুন ওই যুবকের লাশ উদ্ধার করে বেওয়ারিশ হিসেবে দাফন করে। এরপর সোমবার রাতে পলাশের বড় ভাই আহাদ মোল্লা আনারুলকে আসামি করে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ মামলায় আনারুলকে গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার আনারুল। লোহাগড়া, ১০ জুলাই। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার আনারুল। লোহাগড়া, ১০ জুলাই। ছবি: সংগৃহীত

পুলিশ বলছে, আজ দুপুরে আনারুলকে নড়াইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নয়ন বড়ালের আদালতে নেওয়া হয়। সেখানে তিনি কয়েকজনের নাম উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে হত্যাকাণ্ডের সঙ্গে আর যারা জড়িত —তদন্তের স্বার্থে এখনই তা গণমাধ্যমকে জানাচ্ছে না পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিলটন কুমার দেবদাস প্রথম আলোকে বলেন, ‘আনারুল স্বীকার করেছেন তিনিসহ আরও কয়েকজন পলাশের কিছু জমানো টাকা আত্মসাৎ করতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। ইজিবাইক কিনে দেওয়ার কথা বলে আনারুল ২৩ জুন পলাশকে মাগুরা নিয়ে যান। ওই দিন আনারুলসহ আরও কয়েকজন মিলে শ্বাসরোধে হত্যা করে লাশ পাটখেতে ফেলে দেন। মাগুরা সদর থানা-পুলিশ ২৬ জুন পলাশের লাশ সেখান থেকে উদ্ধার করে বেওয়ারিশ হিসেবে পৌর কবরস্থানে দাফন করে।’