বেওয়ারিশ লাশ নিয়ে ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বেওয়ারিশ লাশ চুরি প্রতিরোধে গত বছরের অক্টোবর থেকে কড়াকড়ি আইন চালু করা হয়। এরপর গত ছয় মাসে কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা-নিরীক্ষার (ডিসেকশনের) জন্য জমা পড়েছে পাঁচটি বেওয়ারিশ লাশ। অথচ এর আগে প্রায় দুই বছর ধরে মাত্র দুটি লাশ দিয়ে চলছিল কলেজের পরীক্ষা-নিরীক্ষার কাজ।অভিযোগ রয়েছে, হাসপাতাল থেকে বেওয়ারিশ লাশ বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে পাচার হয়ে যায়। বেওয়ারিশ লাশ পাচারের অভিযোগে তিন বছর আগে হাসপাতালের তিনজন কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছিল। তাঁরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে বেসরকারি মেডিকেল কলেজে এসব লাশ পাচার করেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিবছর অন্তত ২০ জন বেওয়ারিশ লোক হাসপাতালে মারা যায়। অথচ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য লাশ পাওয়া যাচ্ছিল না। কলেজ কর্তৃপক্ষ ওয়ার্ড মাস্টারের কার্যালয়সহ হাসপাতালের বিভিন্ন দপ্তরে ধরনা দিলেও লাশ মেলেনি। এ অবস্থায় মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে খোঁজ নিয়ে জানতে পারেন, ওই সব কলেজে ডিসেকশনের লাশের অভাব নেই। কিন্তু এ সময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এসব মেডিকেলে বৈধভাবে কোনো লাশ দেওয়া হয়নি। জানা গেছে, বেসরকারি মেডিকেল কলেজ সাধারণত বিভিন্ন নিয়মকানুন মেনে আবেদনের মাধ্যমে সরকারি হাসপাতাল থেকে লাশ পেয়ে থাকে। সাধারণত কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের পরিচালকের স্বাক্ষর ছাড়া কোথাও লাশ যাওয়ার কথা নয়। কিন্তু বেসরকারি কলেজগুলো হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের হাত করে সহজেই লাশ পেয়ে যায়।কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘লাশের অভাবে আমাদের শিক্ষার্থীদের পড়ালেখা বন্ধের উপক্রম হয়েছিল। তখন খোঁজ নিয়ে দেখলাম, আমাদের এখান থেকে লাশ বাইরে চলে যাচ্ছে। এরপর আমি এবং হাসপাতালের পরিচালক মিলে ওয়ার্ড মাস্টারের কাছে কারণ জানতে চাইলাম। ওয়ার্ড মাস্টার লাশ বিভিন্ন হাসপাতালে পাঠানোর কথা স্বীকার করেন। তখন তাঁকে আমাদের স্বাক্ষর ছাড়া যাতে লাশ বাইরে না যায়, সেটি অনুসরণ করতে বলি। এরপর ছয় মাসে আমাদের কাছে পাঁচটি লাশ জমা পড়েছে।’সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি হাসপাতালে বেওয়ারিশ লাশ পাওয়া গেলে তা কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি থানা পুলিশকে জানানোর নিয়ম রয়েছে। পাশাপাশি পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয়। তারপর ওই লাশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এসব নিয়ম না মেনেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশ পাচার হয়ে যায়।হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, বছরে অন্তত ২০টি বেওয়ারিশ লাশ এখানে আসে। কিন্তু পরে এই লাশের কোনো হিসাব থাকে না। জানা গেছে, চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ বর্তমানে দুটি ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে দুটি লাশ রয়েছে। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের একটি দল মা ও শিশু মেডিকেল কলেজ পরিদর্শনে গিয়ে কর্তৃপক্ষের কাছে লাশ দুটি পাওয়ার উৎস সম্পর্কে জানতে চান। কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেনি।পরিদর্শন দলের সদস্য চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘আমাদের হাসপাতাল থেকে গত তিন-চার বছরে এসব মেডিকেলে কোনো লাশ দেওয়া হয়নি। কাগজপত্র ছাড়া লাশ রাখা হত্যা মামলার সামিল।’ তবে মা ও শিশু মেডিকেল কলেজের অধ্যক্ষ এ এস এম মোশতাক আহমদ দাবি করেন, ‘শিক্ষার্থীদের জন্য আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে বৈধভাবে লাশ সংগ্রহ করেছি। এটা হয়তো আগের অধ্যক্ষরা জানেন।’