বেওয়ারিশ লাশের চাপ জুরাইন কবরস্থানে

জায়গাসংকটের কারণে আজিমপুর কবরস্থানে বেওয়ারিশ লাশ দাফন বন্ধ আছে এক বছরের বেশি সময় ধরে। ঠিকাদার নিয়োগ না হওয়ায় উত্তর সিটি করপোরেশনের বছিলা কবরস্থানেও বেওয়ারিশ লাশ দাফন হয় না। ফলে পুরো রাজধানীর বেওয়ারিশ লাশ দাফনের চাপ গিয়ে পড়ছে জুরাইন কবরস্থানের ওপর।
গত সোমবার জুরাইন কবরস্থানে ৩২টি বেওয়ারিশ লাশ দাফন করা হয়। কর্তৃপক্ষের দেওয়া হিসাব অনুযায়ী, গত বছরের জুলাই থেকে এ বছরের নভেম্বর পর্যন্ত প্রায় দুই হাজার বেওয়ারিশ লাশ দাফন হয়েছে জুরাইন কবরস্থানে। ফলে সেখানে একটি কবর পুনরায় ব্যবহারের উপযোগী হওয়ার আগেই নতুন লাশ দাফন করতে হচ্ছে। আবার কোনো কারণে জুরাইন কবরস্থান কর্তৃপক্ষ বেওয়ারিশ লাশ দাফন করতে দেরি করলে তা মর্গে পড়ে থাকছে।
বেওয়ারিশ লাশগুলো মূলত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন থানা থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে সিটি করপোরেশনের নির্ধারিত কবরস্থান কর্তৃপক্ষের কাছে যায়। এরপর ঠিকাদারের মাধ্যমে লাশের দাফন করা হয়।
আঞ্জুমান মুফিদুল ইসলামের নির্বাহী পরিচালক ইলিয়াস আহমেদ বলেন, ‘বেওয়ারিশ লাশ দাফনের দায়িত্ব সরকারের বা সিটি করপোরেশনের। কবরস্থান ব্যবস্থাপনাও তারাই করে থাকে। সমাজসেবার অংশ হিসেবে আঞ্জুমান জন্মলগ্ন থেকে কাজটি করে আসছে। তারা লাশ দাফনের জন্য জায়গা না দিলে মর্গ থেকে আমরা লাশ নিয়ে কী করব। এ সমস্যার সমাধানে কবরস্থানে বেওয়ারিশদের জন্য নির্ধারিত জায়গা থাকতে হবে।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীনে তিনটি কবরস্থান হলো আজিমপুর, জুরাইন ও মুরাদপুর (শিশুদের)। এর মধ্যে বেওয়ারিশ লাশ কেবল জুরাইন কবরস্থানে দাফন করা হয় এখন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ছয়টি কবরস্থানের মধ্যে কেবল বছিলা কবরস্থানেই বেওয়ারিশ লাশ দাফনের জন্য জায়গা নির্ধারিত হয়েছে। ৮১ দশমিক ৩০ একরের এই কবরস্থানে ৪ নম্বর ব্লকে ৬ ও ৭ নম্বর লাইন রাখা হয়েছে বেওয়ারিশ লাশের জন্য। কিন্তু দুই বছরের কাছাকাছি কবরস্থানটি চালু হলেও বেওয়ারিশ দাফন হচ্ছে না।
এর কারণ হিসেবে জানা গেছে, এই কবরস্থানটির ব্যবস্থাপনার নীতিমালা তৈরি হয়নি। বেওয়ারিশ লাশ দাফনের জন্য ঠিকাদারও নিয়োগ করেনি ডিএনসিসি। ঠিকাদার নিয়োগে মাস ছয়েক আগে দরপত্র আহ্বান করা হলেও কর্তৃপক্ষ তা বাতিল করে দেয়।
এ বিষয়ে ডিএনসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমান বলেন, ‘বেওয়ারিশ লাশের জন্য নির্ধারিত জায়গা আছে। এ ধরনের লাশ দাফনের খরচ দেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন আছে। কবরস্থানটির নীতিমালারও খসড়া হয়েছে। একটু সময়সাপেক্ষ হলেও আশা করি এ সমস্যা কেটে যাবে।’
জুরাইন কবরস্থানের ১৬ দশমিক ৫ একর জমির ৬ একর স্থায়ী, ১ দশমিক ৫ একর মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ দেওয়া। রানা প্লাজা ও তাজরীন পোশাক কারখানায় দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের দাফনের জন্য প্রায় আধা একর জায়গা নেওয়া হয়েছে। বাকি জায়গা সাধারণ এলাকা, যেখানে সাধারণ লাশের পাশাপাশি বেওয়ারিশ লাশ দাফন করা হয়।
এই কবরস্থানের সাধারণ এলাকায় মোট সাড়ে সাত হাজার লাশ দাফনের জায়গা আছে। একটি কবর পুনরায় ব্যবহারের জন্য দুই বছর সময় লাগে। এখন লাশের চাপে এই সময় দেওয়া সম্ভব হচ্ছে না। তার আগেই নতুন লাশ দাফন হচ্ছে পুরোনো কবরে।
জুরাইন কবরস্থানের জ্যেষ্ঠ মোহরার মো. শোয়াইব হোসেন বলেন, ওয়ারিশ-বেওয়ারিশ মিলিয়ে মাসে গড়ে প্রায় ৬০০ লাশ দাফন করতে হয়। এ জন্য কোনো কবর এখন আর দুই বছর রাখা যায় না। এই নিয়ে প্রায়ই মানুষের সঙ্গে ঝামেলা হয়।
সোমবার দুপুরে জুরাইন কবরস্থানে গিয়ে দেখা যায়, আঞ্জুমান মুফিদুল ইসলামের লাশবাহী গাড়িতে করে ৩২টি বেওয়ারিশ লাশ এসেছে। এর পাশাপাশি এদিন এখানে ৫টি সাধারণ লাশ দাফন করা হয়েছে।
বেওয়ারিশ লাশের ব্যবস্থাপনার জন্য কিছুদিন আগে দুই সিটি করপোরেশন একসঙ্গে বসেছিল। এতে সিদ্ধান্ত হয়, রাজধানীতে বেওয়ারিশ লাশের দুই-তৃতীয়াংশ ডিএনসিসি এবং বাকি এক ভাগ ডিএসসিসি দাফন করবে। খরচও হিসাব অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বহন করবে।
এ বিষয়ে ডিএসসিসির সমাজকল্যাণ এবং সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা এস এম তুহিনুর আলম বলেন, বৈঠকের সিদ্ধান্ত লিখিতভাবে মেয়রের কাছে পাঠানো হয়েছে। তিনি অনুমোদন করলেই ডিএনসিসির কাছে পাঠিয়ে দেওয়া হবে। তবে হুট করে এর সমাধান হবে না।