বেওয়ারিশ হিসেবে ১২ লাশ দাফন

প্রিয়জনের চোখের জল নেই, আতর-লোবান নেই। শেষ ভালোবাসাটুকুও কেউ দেয়নি। বেওয়ারিশ হিসেবেই কবরে যেতে হলো তাদের।
সরকারি ব্যবস্থাপনায় গতকাল শুক্রবার দুপুরে মাদারীপুরের শিবচর পৌর কবরস্থানে দাফন করা হলো ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চের ১২ হতভাগ্য যাত্রীকে। এদের মধ্যে পাঁচটি শিশু, পাঁচজন নারী ও দুজন পুরুষ।
সোমবার লঞ্চডুবির পরে সব মিলিয়ে ৩৮ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১২ জনের দাফন হলো, পাঁচটি লাশ বেওয়ারিশ হিসেবে পাঁচ্চর স্কুলে রয়েছে। এগুলো আজ শনিবার দাফন করা হবে। আর বাকিগুলো স্বজনেরা শনাক্ত করে নিয়ে গেছেন।
গতকাল দুপুরে জুমার পরে পাঁচ্চর প্রাথমিক বিদ্যালয়ে নিহত ১২ জনের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে মাদারীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, গণমাধ্যমের কর্মীরা এবং স্থানীয় লোকজন জানাজায় অংশ নেন। তার আগে ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের কর্মীদের সহায়তায় পাঁচ্চরের স্থানীয় সরোয়ার হোসেন লাশগুলোকে গোসল করান। এ সময় তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে।
শিবচর উপজেলা প্রশাসন ও শিবচর পৌরসভার কর্মীদের সঙ্গে ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের কর্মীরা পুরো দাফন-প্রক্রিয়া সমাধা করেন। দাফন শেষে লাশগুলোর ডিএনএ নমুনার নম্বর অনুযায়ী পর পর ১২টি কবরের ওপরে নম্বর ফলক বসিয়ে দেওয়া হয়েছে।
মাদারীপুরের জেলা প্রশাসক জি এস এম জাফর উল্লাহ প্রথম আলোকে বলেন, তিন দিনের লাশ জমেছে এখানে। এখানে লাশ সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। তাই সিদ্ধান্ত হয়েছে, এখানে জমা হওয়া লাশ ২৪ ঘণ্টা রেখে প্রতিদিন দুপুরে শিবচর পৌর কবরস্থানে দাফন করা হবে। তার আগে নিহতদের শরীর থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে।
একটি মেয়েশিশুর দুই দাবিদার থাকার কারণে লাশটি কাউকেই না দিয়ে বেওয়ারিশ (১৭ নম্বর) হিসেবেই দাফন করা হয়েছে। লাশের একজন দাবিদার মো. সিদ্দিক বলেন, তিনি লাশটি তাঁর মেয়ে সাদিয়ার হিসেবে শনাক্ত করেন। তাঁর মেয়ের পরনে লাল জামা ও কান ফোড়ানো দেখে লাশ শনাক্ত করেছিলেন। কিন্তু আকরাম নামে আরেকজন ওই লাশটি তাঁর বোনের দাবি করায় প্রশাসন কাউকেই লাশ দেয়নি। আকরাম বলেন, তিনি নিশ্চিত হয়েছেন যে লাশটি তাঁর বোন আইরিনের। তিনিও চেয়ারম্যানের প্রত্যয়নপত্র এনেছেন।
গতকাল পাঁচ্চর স্কুলের সামনে তথ্যকেন্দ্রে কর্মকর্তাদের কাছে গিয়ে ধরনা দিচ্ছিলেন সিদ্দিক। একপর্যায়ে কেঁদে ফেলেন এই বাবা। বলেন, ‘আমি সব্বার কাছে গেলাম। চেয়ারম্যানের থে কাগজ (প্রত্যয়নপত্র) লইয়া আইলাম। এইডাই আমার মাইয়া। কিন্তু কেউ আমার কথা শোনার নাই।’ এ সময় একজন কর্মকর্তা সান্ত্বনা দেন যে ‘ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আপনি ঢাকায় গিয়ে নমুনা দিলে মিললেই লাশ পাবেন।’ সিদ্দিক বলেন, ‘বাড়িত যে সবাই বইসা রইছে।’
একবার লাশঘরে গিয়ে লাশ দেখেছেন টেকেরহাট থেকে আসা মাহমুদা বেগম। তিনি তাঁর বোন মাকসুদা ও বোনের দুই ছেলে মেয়ে মেরি ও হানিফকে খুঁজছেন। লাশ ঘরে না পেয়ে আবারও শিবচর পৌর কবরস্থানের আশপাশে ঘুরতে দেখা যায় মাহমুদাকে। বডি স্প্রে ক্যান হাতে মাহমুদা কবরস্থানে গিয়ে আবারও প্রতিটি লাশ খুঁটিয়ে দেখেন। কিন্তু কোনোটিই শনাক্ত করতে পারেননি।
পোশাকে খুঁজে ফেরা: লাল সালোয়ার-কামিজ, কানে স্বর্ণের দুল, হাতে সিটি গোল্ডের চুরি। চেহারা বিকৃত। পুলিশের খাতায় ৩৫ নম্বর লাশটির এই বর্ণনাই দেওয়া হয়েছে। বরিশালের বাকেরগঞ্জ থেকে এই লাশটি এসেছে। বিকেলে বরিশালের হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে একসঙ্গে তিনটি লাশ আসে। একটি পুরুষ, একটি শিশু আরেকটি নারীর লাশ। পুলিশের খাতায় শিশুটির পরিচয় লেখা হলো, আট বছর, সাদা রঙের ফ্রক, হাতা আকাশি আর হাফ প্যান্ট।
উদ্ধার হওয়া কোনো লাশের চেহারাই এখন আর চেনা যাচ্ছে না। অনেকগুলো পুরুষ, না নারী, তাও বোঝার উপায় থাকছে না। পরনের কাপড় ধরেই তাদের পরিচয় লিখে রাখা হচ্ছে। পরনের কাপড়ের বর্ণনা নিয়েই স্বজনেরাও আসছেন খুঁজতে।
কালো রঙের বোরকা, মাঝখানে গোলাপি সিল্ক, বুকের ওপরে গোলাপ ফুল। সদ্য কলেজে ভর্তি হওয়া মেয়ে নিশিতা ওরফে ফেলানী এই পোশাক পরেই লঞ্চে উঠেছিল। আঁচলে মুখ চেপে মা বেগম এখন সেই কালো-গোলাপি বোরকা খুঁজে বেড়াচ্ছেন লাশের স্তূপে। অনেকটা বিলাপের সুরে বেগম বললেন, ‘আমার মাইয়াডা খুব ফিটফাট আছিল। হ্যার লাশেও কি এরুম গন্ধ হইবো!’ তিনি বলেন, ‘এতোদিন ভাই-ভাশুর আমারে আইতে দেয় নাই। কিন্তু আমার মাইয়াডা নাই, আমি ঘরে ক্যামনে থাকি।’
কালো বোরকা আর প্রিন্টের সালোয়ার-কামিজ দেখে আলী জব্বার তাঁর স্ত্রী জাহানারা বেগমের লাশ খুঁজে পেয়েছেন। তবে দুই মেয়ে তানজিমা আর হালিমার লাশ এখনো পাননি। জব্বারের মোবাইলে ঈদের সময় তোলা দুই মেয়ের সেলফি। সেটিই সবাইকে দেখাচ্ছেন আর হারানো মেয়েদের খুঁজে ফিরছেন।