ফেনীর চাঞ্চল্যকর যুবদলের নেতা নুরনবী হত্যা মামলার ১৯ আসামির সবাইকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ রায় দেন। অভিযুক্ত ব্যক্তিরা ছিলেন আওয়ামী লীগের ফেনীর নেতা জয়নাল হাজারীর সহযোগী। মামলাটিকে রাজনৈতিক হয়রানিমূলক উল্লেখ করে এটি প্রত্যাহারের জন্য সুপারিশ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আদালতে সেই সুপারিশ গৃহীত না হওয়ায় সাক্ষ্য গ্রহণ অব্যাহত ছিল। কিন্তু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় গতকাল তাঁদের খালাস দিলেন আদালত।
১৯৯৮ সালে ফেনী সদরের ফলেশ্বর গ্রামে বিএনপির তৎকালীন জেলা শাখার সাধারণ সম্পাদক বর্তমান সাংসদ জয়নাল আবেদীনের বাসভবনে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ সময় যুবদলের নেতা নুরনবীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় আবুল কালাম বাদী হয়ে জয়নাল হাজারীসহ ৩০ জনকে আসামি করে একটি হত্যা ও ভাঙচুরের মামলা করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আইয়ুব খান গতকাল প্রথম আলোকে বলেন, মামলাটি প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুপারিশ করেছিল। কিন্তু আদালত তা নাকচ করে শুনানি অব্যাহত রাখেন। ১৭ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। কিন্তু কোনো সাক্ষী ঘটনার বিষয়ে মুখ খোলেননি। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামিরা খালাস পেয়েছেন।
এ বিষয়ে সাংসদ জয়নাল আবেদীন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমার বাড়িতে হামলা ও যুবদলের নেতা নুরনবী হত্যার মামলাটি প্রত্যাহারের সুপারিশের কথা জানতাম। এখন শুনলাম আসামিরা খালাস পেয়েছে। বিচার পেলাম না।’
খালাস পাওয়া ১৯ আসামি হলেন শাহ আলম, মাসুদ, কোহিনুর, সাখাওয়াত হোসেন, আশ্রাফুল আলম ওরফে গিটার, সিরাজ, শিবলু ওরফে আবদুল্লাহ মাহমুদ, সোহাগ, মোস্তাফিজুল করিম, বাহার উদ্দিন ওরফে বাহার, আলমগীর হোসেন ওরফে তোতা, রাসেল, স্বপন, সোহেল, রানা, জহির উদ্দিন, শহীদ, সুমন ও রানা ড্রাইভার। তাঁরা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের ফেনীর নেতা-কর্মী এবং জয়নাল হাজারীর ক্যাডার হিসেবে পরিচিত।
মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, ১৯৯৮ সালের ১৭ নভেম্বর জয়নাল আবেদীনের বাসভবনে বন্দুক, কাটারাইফেল, শটগান ও কিরিচ নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা জয়নাল আবেদীনের গাড়িটি পুড়িয়ে দেয়। এ সময় বাড়ির ফটকের সামনে যুবদলের নেতা নুরনবীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় আবুল কালাম বাদী হয়ে জয়নাল হাজারীসহ ৩০ জনকে আসামি করে একটি হত্যা ও ভাঙচুরের মামলা করেন। ২০০০ সালের ১৬ এপ্রিল জয়নাল হাজারীসহ কয়েকজনকে বাদ দিয়ে ১৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০০৩ সালের ২৮ জুলাই ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
চাঞ্চল্যকর মামলা হিসেবে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ফেনী আদালত থেকে আইন মন্ত্রণালয়ে গেজেট হয়ে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে বছর কয়েক আগে। দীর্ঘদিন উচ্চ আদালতে নির্দেশে স্থগিত থাকে এ মামলার কার্যক্রম। চলতি বছরের ২৭ জুন স্থগিতাদেশ প্রত্যাহার হয়।
এদিকে আসামিরা মামলাটিকে রাজনৈতিক হয়রানিমূলক উল্লেখ করে জেলা প্রশাসকের মাধ্যমে নাম প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা মামলাটি থেকে ১৯ আসামির নাম প্রত্যাহারের জন্য সুপারিশ করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপির কাছে পাঠায়। পিপি চলতি বছরের ৯ জুলাই আদালতে আবেদন করেন। পরদিন শুনানি শেষে আদালত এ আবেদন নাকচ করে দেন।