বেকসুর খালাস পেলেন সাংবাদিক মিজানুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর পটুয়াখালীর বাউফল উপজেলা প্রতিনিধি এ বি এম মিজানুর রহমান আওয়ামী লীগের স্থানীয় এক নেতার দায়ের করা চাঁদাবাজি ও ছিনতাই মামলায় বেকসুর খালাস পেয়েছেন।
গতকাল রোববার পটুয়াখালী দ্রুত বিচারিক আদালতের ভারপ্রাপ্ত হাকিম এ এস এম তারিক শামস এ রায় ঘোষণা করেন।
২০১৪ সালের ২৪ মে ‘বাউফলে স্থানীয় সরকার সহায়তা প্রকল্প কাগজে আছে, বাস্তবে নেই’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়। এতে ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন ক্ষুব্ধ হন। পরে ২৬ মে পটুয়াখালীর দ্রুত বিচার আদালতে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন কনকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হাওলাদার। এই মামলায় জহির উদ্দিন বাবর নামে আরও একজনকে আসামি করা হয়।
সাংবাদিক মিজানুরের পক্ষে আইনজীবী ছিলেন গাজী মো. জহিরুল ইসলাম।
এর আগেও মিজানুরের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। এর একটি মারামারি ও অন্যটি ধর্ষণ মামলা। মারামারি মামলায় বেকসুর খালাস পান তিনি। আর দীর্ঘ তদন্ত শেষে কোনো সত্যতা না পাওয়ায় পুলিশ ধর্ষণ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়।
মিজানুরের মা জাহানারা বেগম এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমার ছেলে বাউফল থানার সাবেক ওসি নরেশ কর্মকার এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিভিন্ন অনিয়ম ও প্রকল্পের টাকা আত্মসাৎ করা নিয়ে বিভিন্ন সময়ে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশ করায় তারা ক্ষুব্ধ হয়ে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে।’