কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে জেলেদের মাছ ধরা বন্ধ করে দিয়েছে গ্যাস অনুসন্ধানকারী চায়নিজ কোম্পানি ব্যুরো অব জিওফিজিক্যাল পেট্রোলিয়াম (বিজিপি)। ফলে পেশা হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে ৩০০ জেলে পরিবার। গত বছরের ডিসেম্বরে ক্ষতিপূরণের আশ্বাস পেয়ে জেলেরা ৫৫টি ভীম জাল তুলে নিলেও তাঁদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হয়নি। গত ১৩ জানুয়ারি ওই কোম্পানির জাহাজ ৩০০ জাল কেটে দেয়।কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী প্রথম আলোকে বলেন, জাতীয় স্বার্থে গ্যাস অনুসন্ধানকাজে সাধারণ জেলেদের ক্ষতি হলে এর ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম রয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সরেজমিনে তদন্ত করে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।জেলেরা জানান, কুতুবদিয়া উপকূলের বড়ঘোপ, কৈয়ারবিল, দক্ষিণ ধুরুং ও উত্তর ধুরুং ইউনিয়নের পশ্চিমে ভীম জাল (বিন্দি জালের মতো) বসিয়ে ৩০০ জেলে পরিবার মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে আসছে। সাগরে একেকটি জাল বসাতে ৩০ থেকে ৪০ হাজার টাকা ব্যয় হয়।গত বছরের নভেম্বর থেকে বিজিপি এসব জায়গায় গ্যাস অনুসন্ধানের কাজ শুরু করে। গত ডিসেম্বরে কৈয়ারবিল ইউনিয়নের মফজল পাড়ার পশ্চিমে সাগর থেকে ৫৫টি জাল তুলে দিতে বলে। জেলেরা ক্ষতিপূরণের আশ্বাস পেয়ে জাল তুলে ফেলে। গত ১৩ জানুয়ারি বিজিপির জাহাজে জেলেদের সাড়ে ৩০০ জাল কাটা পড়ে, যার দাম দেড় কোটি টাকা।এ বিষয়ে বিজিপির গণসংযোগ ব্যবস্থাপক (পিআরএম) ফজলুল হক প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত জেলেদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য তালিকা তৈরি করা হয়েছে। গত ১২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৩০০ জেলের ৭০০ জালের তালিকা করে দৈনিক প্রতি জালের বিপরীতে ২০০ টাকা হারে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। বাকি টাকা ক্রমান্বয়ে পরিশোধ করা হবে। যে অংশে গ্যাস অনুসন্ধানকাজ শেষ হবে, সেখানে জেলেরা জাল বসাতে পারবে বলে জানান তিনি। তবে জেলে মোহাম্মদ ইউনুচ (৩৫) বলেন, তাঁকে ২৩ দিনের মধ্যে মাত্র সাত দিনের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জেলেরা দৈনিক আয় করে দৈনিকের পারিবারিক খরচ চালান। গত ২৩ দিন ধরে জেলেদের সাগরে মাছ ধরা বন্ধ করে দিয়ে জাল তুলে দেয় বিজিপি। কিন্তু প্রয়োজনীয় ক্ষতিপূরণ না পেয়ে জেলেদের অনাহারে অর্ধাহারে থাকতে হচ্ছে।কৈয়ারবিল ইউনিয়নের মফজল পাড়ার সামশুল আলম (৫৫) বলেন, দাদন ব্যবসায়ীদের কাছ থেকে সুদে টাকা নিয়ে তিনি সাগরে জাল বসিয়েছিলেন। কিন্তু বিজিপি জাল উঠিয়ে দেওয়ায় তিনি দুই মাস ধরে বেকার আছেন। অন্যদিকে দাদন ব্যবসায়ীরা টাকার জন্য চাপ দিচ্ছেন।