বেকার নার্সদের অনশন চলছে ভুখা মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার বদলে জেলা কোটা অনুসরণ করে নার্স নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে আমরণ অনশন করছে ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশেন। গতকাল রোববার অনশনকারীরা ভুখা মিছিল করেছেন। সংগঠনের সভাপতি তাছলিমা বেগম প্রথম আলোকে জানিয়েছেন, ১০ ফেব্রুয়ারি থেকে মুক্তাঙ্গনে টানা অনশন চললেও গত চার দিনে সরকারের পক্ষ থেকে কেউ তাঁদের সঙ্গে দেখা করেননি।তাছলিমা বেগম বলেন, ‘দাবিদাওয়া না মানা পর্যন্ত আমাদের অনশন চলবে। অনশন করতে গিয়ে এ পর্যন্ত ২৫ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এঁদের মধ্যে চারজন এখন হাসপাতালে আছেন। বাকিরা চিকিত্সা শেষ করে আবার অনশনে ফিরে এসেছেন।’ গতকাল বেল ১১টায় অনশনকারীরা মুক্তাঙ্গন থেকে ভুখা মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাব হয়ে দোয়েল চত্বর পর্যন্ত যান। সেখানে পুলিশ বাধা দিলে তাঁরা পুনরায় অনশনস্থলে চলে আসেন।দাবি আদায়ে আজ সোমবার বেলা ১১টায় অনশনকারীরা কফিন মিছিল করে প্রেসক্লাব-শাহবাগ হয়ে পুনরায় অনশনস্থলে আসবেন। আজকের মধ্যে দাবি আদায় না হলে কাল মঙ্গলবার বেলা দুইটায় আন্দোলনরত ও অনশনরত নার্সরা আত্মাহুতি দেবেন। এ ক্ষেত্রে উদ্ভূত পরিস্থিতির জন্য সেবা পরিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষই দায়ী থাকবে।