বেকার হোস্টেল থেকে বঙ্গবন্ধুর মূর্তি সরানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার বেকার হোস্টেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ  ভাস্কর্য l প্রথম আলো
কলকাতার বেকার হোস্টেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য l প্রথম আলো

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত সরকারি বেকার হোস্টেল থেকে তাঁর আবক্ষ মূর্তিটি সরানোর দাবি জানিয়েছে ‘অল বেঙ্গল মাইনরিটি ইয়ুথ ফেডারেশন’ (এবিএমওয়াইএফ) নামের একটি সংগঠন।
এবিএমওয়াইএফের রাজ্য সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান দ্য হিন্দুকে বলেন, ‘ইসলাম ধর্ম মূর্তি নির্মাণকে অনুমোদন করে না। বেকার হোস্টেল মুসলিম শিক্ষার্থীদের থাকার জন্য। আমরা মনে করি, এখানে শেখ মুজিবুর রহমানের মূর্তি রাখাটা ইসলামবিরোধী।’
তবে এ দাবির ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে বেকার হোস্টেল কর্তৃপক্ষ।
এবিএমওয়াইএফ এখন ওই মূর্তি সরাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে যোগাযোগ করার পরিকল্পনা করছে। এরই মধ্যে তারা ভারতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদেরও সাক্ষাৎ চেয়েছে।
সাদা মার্বেল পাথরের তৈরি বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিটি বেকার হোস্টেলের চতুর্থ তলায় বঙ্গবন্ধু স্মৃতিকক্ষের প্রবেশপথে রাখা। ২০১১ সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এই মূর্তি উদ্বোধন করেছিলেন। কলকাতার কেন্দ্রে জানবাজার এলাকায় ১১০ বছরের পুরোনো এই বেকার হোস্টেলটি অবস্থিত। ইসলামিয়া কলেজে পড়ার সময় ১৯৪৫ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত বঙ্গবন্ধু এ হোস্টেলে ছিলেন। ইসলামিয়া কলেজের নাম বদলিয়ে এখন নামকরণ করা হয়েছে মাওলানা আজাদ কলেজ।