বেকারত্ব ঘোচাতে ছাত্রলীগ নেতার বালু উত্তোলন!
ফরিদপুরে কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন ছাত্রলীগের স্থানীয় এক নেতা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের একটি সেতু, বাজার ও বাড়িঘর হুমকির মুখে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। ওই নেতার ভাষ্যমতে, তিনি বেকারত্ব ঘোচাতে এ কাজ করছেন।খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদপুর শহর থেকে আট কিলোমিটার দূরে সদর উপজেলার গেরদা ইউনিয়নের পশ্চিম বাখুন্ডা এলাকায় বালু উত্তোলন চলছে। গেরদা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল আলম প্রভাব খাটিয়ে প্রায় তিন সপ্তাহ ধরে বালু তোলার কাজ করাচ্ছেন। গতকাল বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের গুরুত্বপূর্ণ বাখুন্ডা সেতুর আনুমানিক ১৫০ মিটার দক্ষিণে ওই এলাকার জয়বাংলা বাজারের কিনার ঘেঁষে কুমার নদ থেকে দুটি ড্রেজারে বালু তোলা হচ্ছে।বালু উত্তোলনে নিয়োজিত শ্রমিক ফরিদপুর সদরের কাফুরা এলাকার শেখ লতিফ জানান, তাঁরা তিনজন মিলে এ কাজের তদারকি করছেন। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রত্যেক শ্রমিক ৩০০ টাকার বিনিময়ে কাজ করছেন। তাঁরা জানান, প্রতিদিন ১৫-২০ ট্রাক ঘনফুট বালু তোলা হচ্ছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, মো. রাকিবুল আলম এবং তাঁর দুই সহযোগী মো. মুরাদ ও মো. বাচ্চু অবৈধভাবে বালু তুলছেন। নদ থেকে বালু তুলে নদের পাড়ে মো. আলমগীর হোসেন ও আনজু মিয়ার জায়গায় রাখা হয়। ওই দুই ব্যক্তির কাছ থেকে প্রায় ১৫ শতাংশ জায়গা ১৪ হাজার টাকায় ভাড়া নেওয়া হয়েছে। সেখান থেকে প্রতি ট্রাক বালু ৬০০-৭০০ টাকায় বিক্রি হচ্ছে। জয়বাংলা বাজারের মুদি ব্যবসায়ী সূর্য মিয়া বলেন, ‘বাজারের পাশে নদী থেকে বালু তোলায় আমরা এই বাজারের ২২ জন ব্যবসায়ী আতঙ্কের মধ্যে আছি। এর ফলে বাজারের দোকানপাটসহ আশপাশের বাড়িঘরে ভাঙন সৃষ্টি হতে পারে। এ ছাড়া বাখুন্ডা সেতুর কাছ থেকে এভাবে বালু তোলায় সেতুটিও হুমকির মুখে পড়তে পারে।’বালু তোলার কথা স্বীকার করে গেরদা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রকিবুল আলম বলেন, ‘আমি বেকারত্ব দূর করার জন্য বালু তুলছি।’ বালু এখনো বিক্রি করা হয়নি দাবি করে তিনি বলেন, ‘বিক্রির জন্যই নদী থেকে বালু তুলছি। এ ব্যাপারে পাউবো থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি।’ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন সরকার বলেন, ‘নদী থেকে বালু উত্তোলনের কোনো অনুমতি আমরা দিইনি। আমি এ ব্যাপারে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেব। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ-জাতীয় কোনো অনুমতি দিয়েছেন কি না, তা আমার জানা নেই।’ফরিদপুর সদরের ইউএনও কে এম কামরুজ্জামান বলেন, ‘কুমার নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। আজই (বুধবার) এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।’